মায়ের হাত ছেড়ে দৌড় প্রাণ গেল শিশুর

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:২৫ এএম

মায়ের হাত ধরে স্কুল থেকে ফিরছিল পাঁচ বছরের শিশু আদিবা ইসলাম। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ মায়ের হাত ছেড়ে দেয় দৌড়। এ সময় একটি অটোরিকশা চাপা দেয় তাকে। মায়ের চোখের সামনে তার শিশুসন্তান প্রাণ হারায় চোখের পলকে। গতকাল সোমবার শরীয়তপুরের গোসাইরহাটে সড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে পড়ে শহিদুল ইসলাম নামের এক কিশোর নিহত হয়েছে। নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন নামে এক কাপড় ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি আরোহী নিহত হয়েছেন। নেত্রকোনার কলমাকান্দায় দুই সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বেবী আক্তার (২১) নামের এক নারী নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশুর : শরীয়তপুরের গোসাইরহাটে সড়ক পার হতে গিয়ে অটোরিকশার চাপায় আদিবা ইসলাম (৫) নামে এক স্কুলপড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নাগেরপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আদিবা ইসলাম নাগেরপাড়া ইউনিয়নের রানীসার এলাকার বোরহান উদ্দিন ও মাহমুদা বেগম দম্পতির ছোট মেয়ে। আদিবা নাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, সোমবার স্কুল ছুটি শেষে মা মাহামুদা বেগমের হাত ধরে সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল আদিবা। এ সময় আদিবা তার মায়ের হাত থেকে ছুটে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে একটি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আদিবা ইসলামকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা মাহমুদা বেগম বলেন, সবসময় মেয়ে আমার হাত ধরেই বাসায় ফিরত। আজ হঠাৎ করেই আমার হাত ছেড়ে দিয়ে রাস্তা পার হতে দৌড় দিয়েছিল। আগে জানলে ওকে কখনই হাতছাড়া করতাম না। আমার মেয়েটি আজ আমাকে ছেড়ে চলে গেল।

কুড়িগ্রামে প্রাণ গেল কিশোরের : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে পড়ে শহিদুল ইসলাম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ১ নম্বর দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ার চর নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের ঝগড়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের ওপরে থাকা কিশোর শহিদুল ইসলাম গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত : নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। গত রবিবার রাত ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফারুক হোসেন উপজেলার মেরিগাছা হাটে শীতের কাপড় বিক্রি শেষে অটোভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে কয়েন বাজার এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফারুকসহ ভ্যানের চালক ও অন্য যাত্রী মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।

ঈশ্বরগঞ্জে ট্রাক ও সিএনজি সংঘর্ষে নিহত ১ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও সাতজন। আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মরাখলাসংলগ্ন মহরম আলী বনরাজ হর্টিকালচারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঈশ্বরগঞ্জগামী একটি সিএনজি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মরাখলাসংলগ্ন বনরাজ হর্টিকালচারের সামনে আসা মাত্রই ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজির ধাক্কায় একটি ইজিবাইক উল্টে যায়। এতে সিএনজিতে থাকা ছয়জন গুরুতর আহত হয় এবং ইজিবাইকে থাকা এক যাত্রীসহ ইজিবাইক চালকও আহত হন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দায় নারী নিহত, আহত ৯ : নেত্রকোনার কলমাকান্দায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেবী আক্তার (২১) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন। এর মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের ডুবিয়ারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-কলমাকান্দাগামী দুটি সিএনজিচালিত অটোরিকশা ডুবিয়ারকোনা এলাকার সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুটি সড়কের দুই পাশে খাদে পড়ে যায়। এ সময় বেবী আক্তার নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হন। এতে চালকসহ আরও নয় যাত্রী আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত