চীনা রাষ্ট্রদূত

ডলার সঙ্কট আমাদেরও প্রভাবিত করেছে, তাই অর্থছাড় কম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:৫০ পিএম

চীন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল ও মনিটারি পলিসির মিসম্যাচের কারণে আমরাও ডলার সঙ্কটে ভুগছি। বিশ্বব্যাপী সমস্যা আমাদেরকেও প্রভাবিত করেছে। এজন্য বাংলাদেশের কাছে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমাদের মুদ্রায় লেনদেনের প্রস্তাব দিয়েছি, বাংলাদেশ সেটি বিবেচনা করছে। মঙ্গলবার শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের  সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত।

আজকের কী বিষয়ে আলোচনা হয়েছে— এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বর্তমানে খুব কম দেশেই পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চীন একটি। বাংলাদেশেরও আছে। চীনের ইতোমধ্যে ১৪টি পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছে।

তিনি বলেন, সেজন্য বাংলাদেশের সঙ্গে পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে যৌথভাবে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা কিভাবে অভিজ্ঞতা বিনিময় করতে পারি, কিভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি সেসব বিষয়ে কথা হয়েছে।

তার মতে, আমাদের চীনে ন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড রিফর্মস কমিটি আছে, সেটি হুবহু এ দেশের পরিকল্পনা কমিশনের কমিটির মতো। এই দুই কমিটি একসঙ্গে কিভাবে কাজ করতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের চীন-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছি।

এসময় পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, আমাদের সঙ্গে তাদের যেসব সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধানে আলাপ হয়েছে।  চীনেরও পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে, আমাদেরও আছে। সেসব বিষয়ে কিভাবে অভিজ্ঞতা বিনিময় করা যায় তা নিয়ে কথা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত