বিভিন্ন স্থানে ৭টি সড়ক দুর্ঘটনার ৫টিই ট্রাক ও মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬ জন। এর মধ্যে ৩টি ট্রাক-মোটরসাইকেল, দুটি ট্রাক-বাইসাইকেল সংঘর্ষ। নিহতদের মধ্যে পাঁচজন মোটরসাইকেল-বাইসাইকেলের চালক-আরোহী। একজন ট্রাকের হেলপার।
গতকাল মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার তালায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে ১৫ বছরের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন প্রাণ হারায়।
নাটোরের বাগাতিপাড়ায় বালুভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইসাইকেল আরোহী নিরাপত্তাকর্মী নিহত হন। এর আগে সোমবার রাতে ঝিনাইদহের শৈলকুপার চাঁদপুরে ট্রাক-বাইসাইকেল সংঘর্ষে সাইকেল আরোহী একজন প্রাণ হারান।
এ ছাড়া নাটোরের বড়াইগ্রামে একটি পাজেরো জিপ গাড়ির ধাক্কায় এক ব্যাটারিচালিত অটোভ্যানের চালক নিহত হয়েছেন। দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তা সড়কে প্রাণ হারিয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
সাতক্ষীরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ১ : সাতক্ষীরার তালায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে মো. জামিরুল ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আঠারো মাইল-পাইকগাছা সড়কের তালা উপজেলার গোনালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, জামিরুল সকালে দ্রুতগতিতে মোটরসাইকেলে তালা উপশহরের দিকে যাচ্ছিল। এ সময় গোনালী বাজার এলাকায় এলে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষে সে ঘটনাস্থলে নিহত হয়।
কুলাউড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ : মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আছুরিঘাটসংলগ্ন বেগমানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেলের চালক আবু সুফিয়ান (৫০) ও আরোহী নরসিং বোনাজী (৩৫)। তারা উভয়ই জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন এলাকার বাসিন্দা।
কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ জানান, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুফিয়ান ও নরসিং মোটরসাইকেলে করে জুড়ী থেকে কুলাউড়ার দিকে আসছিলেন। পথে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সুফিয়ানের মৃত্যু হয়। পরে আহত নরসিং বোনাজীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ : নাটোরের বাগাতিপাড়ায় বালুভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শহিদুল (৪২) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ১ নম্বর পাকা ইউনিয়নের ধোপারবিল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবু রাসেল নামে ট্রাকের অন্য হেলপার জানান, তারা বালুভর্তি ট্রাক নিয়ে মীরগঞ্জ থেকে বাগাতিপাড়ার মালঞ্চির উদ্দেশ্যে আসছিলেন। পথে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিতে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চালক লালন আলী মোটরসাইকেলের চালকদের বাঁচাতে গিয়ে ট্রাকসহ উল্টে পাশের রাস্তার নিচে গিয়ে পড়ে। এতে তাদের একজন হেলপার মারা যান।
আনোয়ারায় ট্রাক-বাইসাইকেল সংঘর্ষে নিহত ১ : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইসাইকেল আরোহী এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তার নাম আনোয়ার পারভেজ (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু টানেল সড়কে উপজেলার বৈরাগ ইউনিয়নের ফকিরখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডের কর্ণফুলী স্যু ইন্ডাস্ট্রিজে (গার্মেন্টস) নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আনোয়ার পারভেজ বাইসাইকেলে করে কোরিয়ান ইপিজেডে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় বঙ্গবন্ধু টানেল সড়ক থেকে চীনা অর্থনৈতিক অঞ্চল সড়কে উঠতে গেলে পেছন থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষ হয়। মুহূর্তেই বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে আরোহীর মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলে আনোয়ার পারভেজের মৃত্যু হয়।
ঝিনাইদহে ট্রাক-বাইসাইকেল সংঘর্ষ নিহত ১ : ঝিনাইদহের শৈলকুপার চাঁদপুরে ট্রাকে-বাইসাইকেল সংঘর্ষে তানভীর আহমেদ (৩২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তানভীর একই উপজেলার মহব্বতপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাইসাইকেলে গ্রামের বাড়িতে ফিরছিলেন তানভীর। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তানভীর কম্পিউটার মেরামতের কাজ করতেন।
বড়াইগ্রামে অটোভ্যানের চালক নিহত : এদিকে নাটোরের বড়াইগ্রামে একটি পাজেরো জিপ গাড়ির ধাক্কায় মফিজুল ইসলাম (৪৫) নামের এক ব্যাটারিচালিত অটোভ্যানের চালক নিহত হয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুল রাজশাহীর বহরামপুর এলাকার আনসার আলীর ছেলে। তিনি বনপাড়া পৌর এলাকার দিয়াপাড়া আদর্শ গ্রামে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মফিজুল ভ্যান নিয়ে মহিষভাঙ্গা এলাকায় যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী একটি পাজেরো জিপ গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বড়পুকুরিয়া কয়লাখনির কর্মকর্তা নিহত : দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ডিজিএম প্রকৌশলী মো. জোবায়ের আলী সড়ক দুর্ঘটনায় মারা যান। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কের নাগেরহাট স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ডিজিএম জোবায়ের আলীর মৃত্যুতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
