নারায়ণগঞ্জের বন্দরে পরিবেশ দূষনের দায়ে ১৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এ সময় রুপা, আনন্দ ও এবিসি নামের তিনটি ইটভাটা সিলগালা করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা ও বাগদোবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচলনা করা হয়।
অভিযানের সময় ইটভাটা মালিকরা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমান আদালত রুপা, আনন্দ ও এবিসি ব্রিকস ফিল্ডে ৬ লাখ টাকা করে ১৮ লাখ টাকা জরিমানা করেন।
সদর দপ্তরের মনিটরিং এন্ড ফোর্সম্যান উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচলনা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোজাহিদুুল ইসলাম, বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ হোসাইন প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহম্মেদ জানান, পরিবেশ মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মসূচির আওতায় ১৮টি ইটভাটার মধ্যে ১৫টি ইটভাটায় মোট ৫৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও তিনটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
