পাওনা টাকা ফেরত চাওয়ায় সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী-কন্যাসহ ব্যবসায়ী বিকাশ সরকারকে তার আপন ভাগ্নে রাজিব কুমার ভৌমিক (৩৫) হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গত মঙ্গলবার রাতে রাজিবকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে এমনটি দাবি করেছে। গতকাল বুধবার বিকেলে সিরাজগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল।
গ্রেপ্তার রাজিব জেলার উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিকের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাজিবের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করেছে।
আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার রাতে নিহত বিকাশ সরকারের স্ত্রী স্বর্ণা রানীর ভাই সুকোমল চন্দ্র সাহা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, ২০২১ সালে রাজিবের বাবা বিশ্বনাথ ভৌমিক মারা যান। এরপর মামা বিকাশের সঙ্গে যৌথভাবে খাদ্যশস্য মজুদ ও বেচাকেনার ব্যবসা শুরু করে রাজিব। এ ব্যবসার পুঁজি হিসেবে বিকাশ ভাগ্নে রাজিবকে ২০ লাখ টাকা দেন। পরে রাজিব বিভিন্ন ধাপে মামাকে মূল পুঁজি ও লভ্যাংশের প্রায় ২৬ লাখ টাকা দিলেও চলতি বছরে এসে বিকাশ রাজিবের কাছে আরও ৩৫ লাখ টাকা দাবি করেন। গত ২২ জানুয়ারি বিকাশ সাত-আট দিনের মধ্যে ওই টাকা দেওয়ার জন্য চাপ দেন। রাজিব টাকা দিতে ব্যর্থ হলে বিকাশ তার বোন প্রমিলা ও ভাগ্নে রাজিবকে ফোনে গালাগাল করেন। রাজিব টাকা জোগাড় করতে না পেরে ও মামার গালাগালে রাগান্বিত হয়ে তার পুরো পরিবারকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত শনিবার বিকেল পৌনে ৫টার দিকে রাজিব তার মামার মোবাইল ফোনে কল করে টাকা ফেরত দেওয়ার কথা বলে। বিকাশ সে সময় তাড়াশের বাইরে অবস্থান করায় টাকা স্ত্রী স্বর্ণার কাছে দিয়ে যেতে বলেন। এরপর রাজিব মামার বাসায় গিয়ে কফি খেতে চাইলে মামি স্বর্ণা কফি কিনতে বাসার নিচের দোকানে যান। এ সুযোগে সঙ্গে নিয়ে যাওয়া লোহার রড দিয়ে মামাতো বোন তুষির মাথায় আঘাত করে রাজিব। তুষি চেতনা হারিয়ে ফেললে হাঁসুয়া দিয়ে তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করে রাজিব।
এরপর স্বর্ণা বাসায় ঢুকলে তাকেও একই কায়দায় রাজিব হত্যা করে উল্লেখ করে পুলিশ সুপার আরিফুর রহমান ম-ল বলেন, পরে মামার মোবাইল ফোনে কল করে তাকে বাসায় আসতে বলে রাজিব। বিকাশ সরকার কিছু সময় পর বাসায় ফিরলে তাকেও একই কায়দায় হত্যা করে রাজিব। পরে মৃতদেহগুলো একটি কক্ষে রেখে বাসার প্রধান ফটকে তালা লাগিয়ে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সামিউল আলম, উল্লাপাড়া থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর, ডিবির ওসি জুলহাস উদ্দিন প্রমুখ।
এর আগে গত সোমবার রাতে তাড়াশ উপজেলা সদরের বারোয়ারী বটতলা মহল্লার নিজ বাড়ির তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ব্যবসায়ী বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে দশম শ্রেণির ছাত্রী তুষি সরকারের (১৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
