কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র হাতে মহড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে। এ ঘটনায় উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কুমিল্লা নগরীর সার্কিট হাউসের সামনে এ ঘটনা ঘটে।
কুমিল্লা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, সংঘর্ষের পরেই আমরা তিনজনকে আটক করেছি। কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সদস্যদের আটকের জন্য পুলিশি অভিযান চলছে। যাদের আটক করা হয়েছে তাদের বয়স ১৮ বছরের নিচে।
এ ঘটনায় আটককৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তবে এই গ্রুপ দুটির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সার্কিট হাউজ এলাকার বাসিন্দা মামুন মিয়া বলেন, চোখের সামনে দুই শতাধিক ছেলে বিভিন্ন অস্ত্র নিয়ে কান্দিরপাড় সড়কের দিকে অবস্থান নেয়। অন্যদিকে, সার্কিট হাউজ মোড়ে পুলিশ বক্সের সামনে আরেকটি গ্রুপ এসে প্রায় বিশটি ককলেট বিস্ফোরণ ঘটায়। পরে দুই গ্রুপ একে অন্যকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। সবার হাতে দেশি অস্ত্র ছিল। পুলিশ আসলে সবাই পালিয়ে যায়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, জড়িতদের আটকে অভিযান চলছে।
