নাটোরের সিংড়ায় এক মুদি দোকানির বাড়ি থেকে টিসিবির ৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে র্যাব।
গত শুক্রবার বিকেলে বিলদহর বাজারের ব্যবসায়ী শাহ আলম খন্দকারের (২৪) বাড়ি থেকে এসব ভোজ্য তেল জব্দ করা হয়। মুদি দোকানি শাহ আলম খন্দকারের দাবি, ২ লিটারের ১৭৫ বোতল সয়াবিন তেল গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দায়িত্বে থাকা টিসিবির ডিলার রিপন আলীর কাছ থেকে গত বুধবার রাতে কেনেন তিনি। আটক শাহ আলম উপজেলার বিলদহর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। গত শুক্রবার রাত পৌনে ১১টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বোতলজাত তেল ড্রামে ঢালছিলেন শাহ আলম খন্দকার। এতে সন্দেহ হলে স্থানীয় এক ব্যক্তি র্যাবকে খবর দেন। তবে টিসিবির ডিলার রিপন আলী অভিযোগ অস্বীকার করে বলেন, শাহ আলম খন্দকারের কাছে কোনো তেল বিক্রি করিনি। আমাকে ফাঁসাতে দোকানি নাম বলছেন।
