নারায়ণগঞ্জ থেকে সব রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সাত ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে বাস চলাচল শুরু হয়।
এর আগে, সকাল ৭টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জসহ ২টি রুটের বাস চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
সরজমিন দেখা যায়, সকাল থেকে বন্ধন, উৎসব, আনন্দ, বন্ধু ও বাঁধন পরিবহন বন্ধ ছিল। তবে শীতল পরিবহন ও বিআরটিসি পরিবহনের বাস চলাচল করতে দেখা গেছে। তবে দুপুর থেকে সবধরনের বাস চলাচল করতে দেখা গেছে।
কেন্দ্রীয় বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. রওশন আলী সরকার বলেন, গতকাল এমপি, মেয়রের সঙ্গে ডিসি ও এসপির মিটিং হয়েছে। সেই মিটিংয়ে অনুমোদনহীন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের অনেক গাড়ির রুট পারমিট নেই, আবার কিছু গাড়ির রুট পারমিট আছে। একারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। তবে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছি। আগামীকালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দুপুর থেকে সব বাস চলাচল শুরু হয়েছে।
