ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুমোদনহীন ও অবৈধভাবে পরিচালিত মেসার্স এ গনি ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। এরপর ওই ইটভাটাকে এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
আজ সোমবার (০৫ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মনসুর।
এদিকে ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পর ইটভাটার শ্রমিক এবং এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে। এসময় বিক্ষুব্ধরা সড়কের ওপর বাঁশ-কাঠে আগুন ধরিয়ে দিলে ৩০ মিনিটের মতো যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের বুঝিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
