চল্লিশে পা দিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৯তম জন্মদিনটা আল নাসর সতীর্থদের সঙ্গে কাটিয়েছেন তিনি। ক্লাবের মাঠে সতীর্থদের সঙ্গে কেক কেটে, হৈ হল্লা করে উদযাপন করেছেন এই পর্তুগিজ।
আদরের ছোট ভাই ক্রিশ্চিয়ানো রোনালদোর ৩৯তম জন্মদিনে ইনস্টাগ্রামে যেন ভালোবাসা ঢেলে দিয়েছেন সঙ্গীত শিল্পী বড় বোন কাতিয়া আভেইরো। স্নেহ ভরা সেই পোস্টে ভাইকে অন্য মানুষের জন্য আদর্শ হিসেবে আখ্যা দিয়েছেন আভেইরো। সঙ্গে জুড়ে দিয়েছেন দুই ভাইবোনের ভালোবাসা ও স্মৃতিতে মাখা একগাঁদা ছবি।
পোস্টে তিনি লেখেন, ’৩৯ বছর পর আমাদের ছেলেটির আরও একটি জন্মদিন এলো। একজন বাবা, সন্তান, ভাই, বন্ধু, মামা এবং আরও অনেকের জন্য আদর্শ। তোমার জীবনের গল্প একটি সিনেমার গল্পের মতো, বাস্তব জীবনের সিনেমা। কে ভাবতে পেরেছিল। আনন্দ-বিষাদ, জীবনের উত্থান-পতন ছাড়িয়ে আমাদের এক সঙ্গে থাকা, সবসময় তোমাকে পাশে পাওয়া সব কষ্টগুলোকে ক্ষুদ্র করে দেয়।’
আভেইরো আরও লেখেন, ‘অনেকগুলো মানুষের জীবনের মোড় পাল্টে দেওয়ার জন্যই তুমি এসেছ। তোমার জন্মদিন উদযাপন করাটা আমাদের জন্য একই সঙ্গে আশীর্বাদ ও আনন্দের। তোমার জীবন ও সুস্বাস্থ্যের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই। আসছে সময়গুলোতে তোমার সুস্বাস্থ্য ও বিজ্ঞতার জন্য আমার প্রার্থনা রইলো।’
