বিয়ের খাত থেকে রাজস্ব বাড়াতে নির্দিষ্ট পরিমাণ কর নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির আওতাধীন ৭৫টি ওয়ার্ডের মধ্যে কেউ বিয়ে করলে তাকে বিবাহ নিবন্ধন ফি (কর) দিতে হবে। আদর্শ কর তফসিল-২০১৬ অনুযায়ী এ কর দিতে হবে। প্রথম বিয়ে থেকে শুরু করে চারটি বিয়ে পর্যন্ত বিভিন্ন অঙ্কের কর বেঁধে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএসসিসির ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম বিয়ে বা স্ত্রীর মৃত্যুর পর প্রথম বিয়ের ক্ষেত্রে ১০০ টাকা এবং প্রথম স্ত্রীর জীবদ্দশায় যথাযথ কর্র্তৃপক্ষের অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সিটি করপোরেশনকে ৫ হাজার টাকা কর দিতে হবে। আর প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় যথাযথ কর্র্তৃপক্ষের অনুমতিক্রমে তৃতীয় বিয়ের ক্ষেত্রে ২০ হাজার টাকা কর দিতে হবে। তিন স্ত্রীর জীবদ্দশায় যথাযথ কর্র্তৃপক্ষের অনুমতি নিয়ে চতুর্থ বিয়ে করতে হলে করপোরেশনকে ৫০ হাজার টাকা কর দিতে হবে।
ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, আদর্শ কর তফসিল অনুসরণ করে চলতি বছরের জানুয়ারিতে সংস্থার ৪৫ নম্বর ওয়ার্ডে ২৮টি বিয়ে নিবন্ধন করা হয়েছে। এতে সিটি করপোরেশনের ২ হাজার ৮০০ টাকা রাজস্ব আদায় হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব বিভাগ বলছে, তাদের আওতাধীন ৭৫টি ওয়ার্ডের মধ্যে কেউ বিয়ে করলে এ কর করপোরেশনকে দিতে হবে। এ-সংক্রান্ত নির্দিষ্ট ফরম এরই মধ্যে নিকাহ রেজিস্টারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বিয়ে পড়ানোর সময় কাজি এ ফরম পূরণ করে ফি আদায় করবেন। পরে করের এ টাকা তিনি করপোরেশনের তহবিলে জমা দেবেন।
ডিএসসিসির রাজস্ব বিভাগের এক কর্মকর্তা বলেন, আদর্শ কর তফসিল ২০১৬ অনুমোদনের পরই এ কর নেওয়ার কথা বলা হয়েছিল। ২০২৪ সালে এসে তা বাস্তবায়ন করা হলো। এখন থেকে সিটি করপোরেশন এলাকায় বিয়ে করার সময় সিটি করপোরেশনকে কর দিতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি বলছে, করপোরেশনের আওতাধীন এলাকার বিয়ে নিবন্ধন কার্যক্রমে শৃঙ্খলা আনার উদ্যোগ তারা নিয়েছে। এর ফলে বিয়ে নিবন্ধনসংক্রান্ত বিষয়াবলি যেমন শৃঙ্খলিত ও তথ্য সমৃদ্ধ হবে, তেমনি ভবিষ্যতে ভিত্তি হিসেবে ব্যবহারে বিশেষত বিয়েবিচ্ছেদের ক্ষেত্রে অন্যান্য সংস্থাকে সংশ্লিষ্ট তথ্যাদি সরবরাহ ও সিদ্ধান্ত গ্রহণেও সহায়ক হবে। একই সঙ্গে বাড়বে সংস্থার রাজস্ব আদায়ও।
