এ মাসের প্রথম মৃত্যু করোনায়

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৪ এএম

দেশে এক সপ্তাহ পর করোনায় আবার একজনের মৃত্যু হয়েছে। এটি এ মাসের প্রথম মৃত্যু। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) এক নারী রোগী ঢাকায় মারা গেছেন। তার বয়স ৫১-৬০ বছরের মধ্যে। এর আগে গত ৩০ জানুয়ারি একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে এই বছর করোনায় ছয়জনের মৃত্যু হলো।

তিন দিন পর রোগী শনাক্তের হার আবার ৭ শতাংশ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ৪৮৪টি নমুনা পরীক্ষা করে ৩৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুপাতে শনাক্ত হার ছিল ৭ দশমিক ০২ শতাংশ। এর আগে এর চেয়ে বেশি শনাক্ত হার ছিল ৩ ফেব্রুয়ারি, ৭ দশমিক ৩৫ শতাংশ।

সর্বোচ্চ মৃত্যু ২৬৪, রোগী ১৬২৩০ : স্বাস্থ্য অধিদপ্তর মার্চ ২০২০ থেকে ৩১ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত করোনার সর্বনিম্ন ও সর্বোচ্চ তথ্য দিয়েছে। তাতে দেখা গেছে, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হওয়ার পর গত চার বছরে মোট রোগী পাওয়া গেছে ২০ লাখ ৪৭ হাজার ১৫০, মারা গেছে ২৯ হাজার ৪৮২ জন ও পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৪৫ হাজার ৫৯৭টি।

এর মধ্যে সর্বোচ্চ রোগী ও মৃত্যুর ঘটনা ঘটেছে ২০২১ সালে। সে বছর রোগী ছিল ১০ লাখ ৭২ হাজার ২৯, মারা গেছে ২০ হাজার ৫১৩ জন। সর্বনিম্ন রোগী ও মৃত্যু ছিল ২০২৩ সালে। সে বছর রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ১৬৭ ও মারা গেছে ৩৭ জন।

দৈনিক হিসাবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মারা গেছে ২৬৪ জন, ২০২১ সালের ৫ আগস্টে ও সর্বোচ্চ রোগী ছিল ১৬ হাজার ২৩০ জন সে বছরের ২৮ জুলাই। সর্বোচ্চ শনাক্ত হার ছিল ২০২২ সালের ২৮ জানুয়ারি, ৩৩ দশমিক ৩৭ শতাংশ। সর্বোচ্চ পরীক্ষা হয়েছে ২০২১ সালের ৩ আগস্ট ৫৫ হাজার ২৮৪ জনের। মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল ২০২০ সালের ২৫ মার্চ ১২ দশমিক ৮২ শতাংশ।

ঢাকায় ডেঙ্গু রোগী ৪০০ ছুঁইছুঁই : গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ছয়জন। এ নিয়ে ঢাকায় এই বছর এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৯। নতুন রোগীদের মধ্যে বাকি ১৯ জন ভর্তি হয়েছে ঢাকার বাইরে। এ নিয়ে ঢাকার বাইরে রোগীর সংখ্যা হলো ৭৮০।

রোগীর মধ্যে ৭৫০ জন পুরুষ, যা মোট রোগীর ৬৪ শতাংশ ও ৪২৯ জন নারী, যা মোট রোগীর ৩৬ শতাংশ।

টানা দুদিন ধরে ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই। এ বছর এখন পর্যন্ত মারা গেছে ১৬ জন। তাদের মধ্যে নারী ১০ ও পুরুষ ছয়জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত