শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘শুধু ফলাফলের ভিত্তিতে শিক্ষার্র্থীদের মূল্যায়ন করা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ, শুধু ফলাফল দিয়ে সর্বজনীন উন্নয়ন একটা শিক্ষার্থীর হয় না। আমরাও সেখান থেকে বেরিয়ে আসার জন্যই নতুন কারিকুলামটা করা হয়েছে। আমরা আশা করছি, আগামী দিনে আমরা সেটা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারব।’
গতকাল বুধবার সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী। এটি দেশের সর্ববৃহৎ জাতীয় প্রতিযোগিতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ‘স্মার্ট বাংলাদেশ : উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ ঘোষণা অনুযায়ী, শিক্ষায় রূপান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে গতকাল সকালে রাজশাহী নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
