না.গঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০২ এএম

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্রোনী গ্রুপের অবন্তী নামের গার্মেন্টসের প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। দাবি মানা না হলে সড়ক অবরোধসহ বড় ধরনের আন্দোলনের হুমকি দেন তারা।

শ্রমিকরা জানান, অবন্তী গার্মেন্টসে মাসে তিনটি কিস্তিতে বকেয়া বেতন পরিশোধ করা হয়। ডিসেম্বর মাসের শেষ কিস্তি ও জানুয়ারি মাসের পুরো বেতন বকেয়া থাকায় তারা গত বুধবার থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন।

শ্রমিকপক্ষের দাবি, গত সপ্তাহে তাদের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ বেতন নিয়ে গড়মসি করে। বুধবার বেতন চাওয়ায় কিছু শ্রমিকদের হুমকি দেওয়া হয়। বৃহস্পতিবারও একদল সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রসহ এনে শ্রমিকদের কাজে যেতে হুমকি দেয়।

তবে অবন্তী গার্মেন্টসের জেনারেল ম্যানেজার ইনতিসার আহমেদ জানান, এক মাসের বেতন বকেয়া আছে সেটা আগামী সোমবার পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে। তবে এটি একদল শ্রমিক মানতে নারাজ। গার্মেন্টসের ভেতরে শ্রমিকরাই দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। তারা কিছু শ্রমিক যারা কাজ করতে চায় তাদেরকে সেসব অস্ত্রসহ শ্রমিক ভেতরে প্রবেশ করে হুমকি দেয়।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) মো. সেলিম বাদশা জানান, সেখানে মালিকপক্ষ ও শ্রমিক নেতা আছে। আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আগামী রবিবার বেতন দেওয়ার কথা। এর মধ্যে ব্যাংকের ট্রানজেকশনের কারণে বেতন দিতে পারেনি এমনটা জানিয়েছে মালিকপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত