উত্তরের ৮ জেলায় শীতের দাপট

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৮ এএম

মাঘের শেষ সময়ে এসে উত্তরাঞ্চলে আরেক দফা শীতের দাপট দেখল মানুষ। রংপুর বিভাগের আটটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আজ শুক্রবার দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং উত্তরাঞ্চলে তা বাড়তে পারে। শনিবার সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। চার দিন পর তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত বুধবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকে ঘন কুয়াশা থাকলেও দেখা মিলেছে সূর্য।

স্থানীয় লোকজন জানান, কয়েক দিন পর আবার তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। রাতভর প্রচ- ঠা-া অনুভূত হয়েছে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতে শীতের দাপট বেশি।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত চার দিন পর আবার তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। মাঘ মাস শেষ না হওয়া পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করতে পারে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত