আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা, দুই ছাত্রলীগ নেতা রিমান্ডে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৩ পিএম

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম সদর থানা পুলিশ আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত আটক দুই ছাত্রলীগ নেতাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় কুড়িগ্রাম সদর আমলী আদালতের বিচারক মজনু মিয়া তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ছাত্রলীগের দুই নেতার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে জেলা সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেল সাইড দেয়াকে কেন্দ্র করে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ব্যবসায়ী শরিফুল ইসলাম সোয়ানকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও তার অনুসারী ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। 

পরে ঘটনার দুই ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মী রেজভি কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়াকে আটক করে। পরে শুক্রবার রাত ১২ টার পর নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী রোজিনা বেগম (৩৩) বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আটজনকে আসামি করে হত্যা মামলা দাযের করেন। নিহত শরিফুল ইসলাম সোয়ানের স্ত্রীর করা হত্যা মামলায় অপর দুইজন ছাত্রলীগ নেতাকর্মী হলেন রায়হান কবির স্বাধীন ও সৌরভ। তারা উভয় কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সদস্য।

এদিকে শনিবার বিকেলে নিহত আওয়ামী লীগের নেতা শরিফুল ইসলাম সোহানের দাফন সম্পন্ন হয়েছে। কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, শুক্রবার ঘটনার দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছাত্রলীগের সদর উপজেলা সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়াকে আটক করে পুলিশ। পরে রাত ১২ টায় নিহত শরিফুলের স্ত্রী বাদী হয়ে মারপিট করে হত্যার অভিযোগ দেন। 

তার অভিযোগটি শনিবার মামলা আকারে নথিভুক্ত করা হয় এবং ওই মামলায় ছাত্রলীগের এই দুই নেতাকর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঁচ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মারপিট ও হত্যা মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত