আখেরি মোনাজাতে ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে আজ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৯ এএম

টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলিগ জামাতের আয়োজনে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি হতে যাচ্ছে আজ রবিবার। বাদ ফজর বয়ান করবেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। তার বয়ান তরজমা করবেন বাংলাদেশের মাওলানা আবদুল্লাহ। এরপর হেদায়েতমূলক বয়ান অনুষ্ঠিত হবে। হেদায়েতি বয়ানের পর ইজতেমার শীর্ষ মুরব্বি দিল্লির হজরত মাওলানা মোহাম্মদ সা’দের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করবেন। সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত হবে বলে জানিয়েছেন ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার রাত থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে যেতে থাকেন। আখেরি মোনাজাতের জন্য আজ রবিবার আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কল-কারখানাসহ বিভিন্ন অফিসে ছুটি থাকে। কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা না করলেও কর্মকর্তাদের মোনাজাতে অংশ নিতে বাধা নেই।

যৌতুকবিহীন বিয়ে : বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে অর্ধশতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে। রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিনে শনিবার বাদ আসর ইজতেমাস্থলে বয়ান মঞ্চের পাশে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.)-এর বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকের বিয়ে সম্পন্ন করা হয়। ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ যৌতুকবিহীন বিয়ে পরিচালনা করেন।

টঙ্গীতে মুসল্লিদের ভিড় : আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীতে এক দিন আগে থেকেই মুসল্লিদের ভিড় লক্ষ করা গেছে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে। এ ছাড়া দু-তিন দিন আগে থেকেই চিল্লাবদ্ধ ৬৪ জেলার কয়েক লাখ মুসল্লি ইজতেমাস্থলের নির্ধারিত খিত্তায় অবস্থান করছেন।

নিরাপত্তা ও যান চলাচল : আখেরি মোনাজাত উপলক্ষে পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। গাজীপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম জানান, গতকাল শনিবার মধ্যরাত থেকে মোনাজাত শেষে রবিবার বিকেল পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত, টঙ্গী-কালীগঞ্জ সড়কের মিরেরবাজার থেকে স্টেশন রোড পর্যন্ত, কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত এবং বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

বিশেষ ট্রেন : টঙ্গীর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা জানান, আখেরি মোনাজাত উপলক্ষে রেলওয়ের বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে।

ইজতেমায় বিদেশি মুসল্লি : ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন গতকাল সকাল পর্যন্ত ৬২টি দেশের প্রায় ৭ হাজার ৮৪৮ জন মুসল্লি অংশ নিয়েছেন।

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন গতকাল সকালে বার্ধক্যজনিত কারণে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের (জুবায়েরপন্থি) বিশ্ব ইজতেমার সমাপ্তি হয়। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সাদপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত