চুরি যাওয়া ওহির সন্ধান মেলেনি ৩ দিনেও

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৮ পিএম

চুরি হয়ে যাওয়া ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহির সন্ধান ৩ দিনেও মেলেনি। উদ্ধারে চেষ্টায় কাজ করছে থানা পুলিশ, এমনটা জানা যায়। তবে গত ৩ দিনেও কোনো সন্ধান না পাওয়ায় হতাশায় ভুগছে শিশুটির পরিবার।

মেয়ের শোকে মা মরিয়ম বেগম কান্নায় ভেঙে পড়েছেন। বার বার বলছেন- 'ফিরিয়ে দে আমার বুকের মানিক'কে। তার কান্নায় পরিবারে শোকে ছায়া নেমেছে।

জানা যায়, লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগঞ্জ বাজারের উত্তরে অগ্রণী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চুরি হয়ে যাওয়া শিশু ওহির মা মরিয়ম বেগম। মরিয়মের বড় মেয়ে ওহির বোন সাবিহা ইসলাম মিহি (০৬) অগ্রণী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের নার্সারির ছাত্রী। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বড় মেয়ে মিহি 'যেমন খুশি তেমন সাজো' অনুষ্ঠানে যোগ দিবে। তাকে সাজানোর জন্য চুলের ক্লিপ ও বেল্ট আনার জন্য বিদ্যালয়ের পাশেই বাজারে যান মরিয়ম। এসময় জোর করে 'মায়া' নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ওহিকে তার কাছে রেখে দেয়। মায়া সম্পর্কে মরিয়মের ফুফাতো বোন। কিছুক্ষণ পরে ওহিকে কোলে নিতে গেলে মা মরিয়ম বেগম জানতে পারেন- তার মেয়েকে অচেনা কোনো নারী নিয়ে গেছেন।

এদিক-সেদিক খোঁজাখুঁজির পর না পেয়ে পুলিশের সহযোগিতায় স্কুলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা পর্যালোচনা করা হয়। এসময় দেখা যায়, মাথায় লাল হিজাব, মুখে মাস্ক ও কালো বোরকা পরা এক নারী শিশু ওহিকে কোলে করে স্কুল থেকে বের হয়ে চলে যাচ্ছেন। স্কুলের সিসি ক্যামেরা ছাড়াও বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা যাচাই করেও একই দৃশ্য দেখা গেছে। তবে সে নারী কে এখনো ধরা-ছোঁয়া বাইরে রয়ে গেছে।

তিন দিন হয়ে গেলেও শিশু ওহি উদ্ধার হচ্ছে না। স্থানীয়দের মধ্যে পুলিশের তৎপরতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ওহিকে উদ্ধারে এলাকাবাসী, আত্মীয়-স্বজন এবং স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা মানববন্ধন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই নারীর ছবি প্রচার হচ্ছে।

তদন্ত কর্মকর্তা আব্দুল জলিল দেশ রুপান্তরকে জানান, শিশু ওহিকে উদ্ধারের চেষ্টা চলছে। কমলনগর থানার ওসি মো. তহিদুল ইসলাম জানান, চুরি হওয়া ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহিকে উদ্ধারে পুলিশ কাজ করছে। সবার সহযোগিতা দরকার। তবে আশা করছি দ্রুত শিশুটিকে উদ্ধার করা যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত