আউট কিন্তু আবেদনই করল না অস্ট্রেলিয়া

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৩ পিএম

অ্যাডিলেডে আজ ওয়েন্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩৪ রানে জিতেছে অস্ট্রেলিয়া। ম্যাচ জিতলেও অজিদের এক কান্ডে আউট হওয়া থেকে বেঁচে যান আলজারি জোসেফ।

উইন্ডিজ ইনিংসের ১৯তম ওভারের ঘটনা। স্পেন্সার জনসনের বলটি কাভারে খেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন উইন্ডিজের শেষ ব্যাটসম্যান জোসেফ। তবে সেখানে থাকা ফিল্ডারের থ্রো ধরে ননস্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙেন জনসন। পরে রিপ্লেতে দেখা যায়, স্টাম্প ভাঙার সময় জোসেফ ছিলেন ক্রিজের বাইরেই। স্বাভাবিকভাবেই তার আউট হওয়ার কথা। তবে সে প্রান্তে থাকা আম্পায়ার জেরার্ড অ্যাবুড সিদ্ধান্ত টেলিভিশন আম্পায়ারের কাছেই পাঠাননি।

অ্যাবুডের মতে অস্ট্রেলিয়ানরা আবেদনই করেননি! এমসিসির ক্রিকেট আইনের ৩১.১ নম্বর ধারা বলে, ‘আইনের মধ্যে থেকে কোনো ব্যাটার আউট হলেও কোনো ফিল্ডার যদি আবেদন না করেন, তাহলে কোনো আম্পায়ারই তাকে আউট দেবেন না।’ 

তবে টিম ডেভিড এসে অ্যাবুডকে বলার চেষ্টা করেছেন যে তিনি আবেদন করেছেন। তবে সেটি নাকচ করে দিয়ে খেলা চালিয়ে যেতে বলেন আম্পায়ার অ্যাবুড।

পরে রিপ্লেতে দেখা যায়, স্টাম্প ভেঙে বোলার জনসন তার রানআপের দিকে ফিরে যান। মানে জোসেফ আউট ছিলেন, সেটি তিনি বুঝতেই পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত