দ্বিতীয় ক্যাডাভেরিক কিডনি গ্রহীতার একজন মারা গেছেন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩১ এএম

দেশে দ্বিতীয়বারের মতো যে দুজনের শরীরে ‘ব্রেইন ডেড’ মানুষের কিডনি (ক্যাডাভেরিক কিডনি ট্রান্সপ্ল্যান্ট) প্রতিস্থাপন করা হয়েছিল, তাদের একজন মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রতিস্থাপন করা রোগী সুস্থ হয়ে বাড়ি যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। কিন্তু কিডনি ফাউন্ডেশন হাসপাতালে প্রতিস্থাপন করা রোগী কিডনি প্রতিস্থাপনের সপ্তাহখানেক পর মারা গেছেন।

গত ২৫ জানুয়ারি রাতে বিএসএমএমইউয়ের আইসিইউতে চিকিৎসাধীন ঢাকার কামরাঙ্গীরচরের বাসিন্দা ৩৮ বছর বয়সী মো. মাসুম আলমকে ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা। সেখানে তিনি চার মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। অভিভাবকরা তাকে ক্যাডাভার হিসেবে অঙ্গদানের সম্মতি দেন। সেদিনই রাতে বিএসএমএমইউ ও কিডনি ফাউন্ডেশন হাসপাতালে দুটি কিডনি প্রতিস্থাপন করা হয়। এর মধ্যে বিএসএমএমইউতে কিডনি প্রতিস্থাপন করা হয় ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা ৪৬ বছর বয়সী তাহমিনা ইয়াসমিন পপির দেহে। তিনি এখন সুস্থ আছেন। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয় ৪৪ বছর বয়সী জাকির নামে এক যুবকের দেহে। তিনি ৪ ফেব্রুয়ারি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে মারা যান।

এ ব্যাপারে অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল গতকাল রবিবার দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের এখানে যার দেহে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে তার অবস্থা ভালো। তার সিরাম ক্রিয়েটিনিন ওয়ানে চলে এসেছে। দু-এক দিনের মধ্যে তার ছুটি হয়ে যাবে। খুব সুন্দর প্রতিস্থাপন হয়েছে। এত ভালো রেজাল্ট, যা প্রথম কিডনি প্রতিস্থাপনেও হয়নি।’

অন্যদিকে, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে কিডনি প্রতিস্থাপন করা হয় ৪৪ বছর বয়সী এক পুরুষের দেহে। তিনি ৭ বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন। কিডনি ফাউন্ডেশন হাসপাতালেই নিয়মিত ডায়ালাইসিস করা হচ্ছিল তার। ২৫ জানুয়ারি রাতে কিডনি প্রতিস্থাপনের পর ৪ ফেব্রুয়ারি মারা যান কিডনি গ্রহীতা ওই ব্যক্তি।

এ ব্যাপারে অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল দেশ রূপান্তরকে বলেন, কিডনি ফাউন্ডেশন হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের পর ওই রোগীর ব্লাড ইনফেকশন হয়। পরে তার অবস্থা খারাপ হয়ে যায়। কিডনি প্রতিস্থাপন ভালো হয়েছিল। প্রতিস্থাপনের পর কিডনি খুব ভালো কাজও করেছিল। কিডনি ভালো হয়ে গেল। কিন্তু হঠাৎ জ¦র এলো। জ¦রের পর ম্যাসিভ ইনফেকশন হয়। অনেক ওষুধ দিয়েও ঠিক করতে পারেনি। এমনটা কিডনি রোগীদের ক্ষেত্রে হয়। সাধারণ যে রোগীরা তাদেরও এমনটা হয়। কিডনি প্রতিস্থাপনে কোনো সমস্যা হয়নি। কিডনি কাজও শুরু করেছিল ভালোভাবে। কিন্তু সাত-আট দিনের মাথায় অবস্থা খারাপ হয়ে যায়।

এর আগে ২০২৩ সালের ১৯ জানুয়ারি রাতে বিএসএমএমইউতে দেশে প্রথমবারের মতো একজন ব্রেইন ডেড মানুষের শরীর থেকে কিডনি নিয়ে তা অন্য দুজনের শরীরে প্রতিস্থাপন করা হয়। সারাহ ইসলাম নামে ২০ বছরের এক তরুণীকে সেদিন ‘ব্রেইন ডেড’ ঘোষণা করেন চিকিৎসকরা। সেদিন রাতেই তার কিডনি প্রতিস্থাপন করা হয় দুজন নারীর শরীরে। তার কিডনি নিয়ে সুস্থভাবে বেঁচে আছেন শামীমা আক্তার নামে এক নারী। তবে অন্যজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, সারাহের চোখের কর্নিয়া দেওয়া হয় আরও দুজনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত