পয়েন্ট টেবিলের সেরা ছয়ে থাকা কোনো দলের বিপক্ষে ২০২১ সালের অক্টোবরের পর কোনো ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী এ ক্লাবটির বর্তমান দশা এমনই। খুব একটা সহজে এই জয় আশা করা যায়নি ম্যানইউ’র কাছ থেকে। ক্লাবটির সব তারকা ফুটবলারদের সেরা ফর্মে থাকতে হয়েছে। আর প্রয়োজন হয়েছে ম্যানইউ কোচ এরিক টেন হাগের প্রত্যেকটি ছোট ছোট সিদ্ধান্ত কাজে লাগা। চ্যাম্পিয়নস লিগ খেলার জন্য জয়ের কোনো বিকল্প ছিল না রেড ডেভিলদের।
অন্যদিকে ছন্দে থাকা অ্যাস্টন ভিলা ঘরের ভিলা পার্ককে এক রকম দুর্গ বানিয়ে ফেলেছে। চলতি মৌসুমে ঘরের মাঠে লিগের প্রথম আট ম্যাচেই জেতে দলটি। নবম ম্যাচে ড্র করে পয়েন্ট হারালেও, পরের ম্যাচেই ভিলা পার্কে আবার জয় পায়। মৌসুমে ১১ নম্বর ম্যাচে নিউক্যাসলের কাছে ৩-১ গোলে হারার পর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে আবার হেরেছে ভিলা। এবারের ব্যবধান ২-১ গোলের। তাতে ম্যানইউ জিইয়ে রেখেছে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা। ২৪ ম্যাচ শেষে ছয়ে থাকা রেড ডেভিলদের পয়েন্ট ৪১। পাঁচে অ্যাস্টন ভিলা ৪৬ ও চারে টটেনহাম রয়েছে ৪৭ পয়েন্ট নিয়ে।
এ জয়ে গর্ব করতেই পারেন টেন হাগ। ম্যাচশেষে জানান, ‘প্রথম ২০ মিনিট আমার খুব পছন্দ হয়েছে। ম্যাচে আমরা কর্তৃত্ব করছিলাম তখন। এর পর আমরা একটু দমে গিয়েছিলাম। একটা সময় ম্যাচটি দুই দলের পক্ষেই ছিল। শেষদিকে আমরা কিছুটা কাহিলও হয়ে পড়েছিলাম। তারপরও বদলীসহ খেলোয়াড়দের প্রত্যেকেই শক্ত মানসিকতা দেখিয়েছে এবং যেভাবে ম্যাচে ফিরে এসে জয় তুলে নিয়েছে তা প্রশংসার যোগ্য।’
ম্যাচের ১৭ মিনিটে রাসমুস হইলুন্দের গোলে এগিয়ে গিয়েছিল রেড ডেভিলরা। ডগলাসের লুইজের ৬৭ মিনিটের গোলে ভিলা সমতা ফেরায়। ৮৬ মিনিটে দিয়েগো দালোতের পাঠানো ক্রসে দারুণ হেডে রেড ডেভিলদের জয়সূচক গোল এনে দেন স্কট ম্যাকটমিনে। এ জয়ে টানা ছয় ম্যাচ অপরাজিত রইল ম্যানইউ।
