চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে আজ ঘরের মাঠে লাইপজিগ খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সময়টা ভালো যাচ্ছে না লাইপজিগের। বুন্ডেসলিগায় সবশেষ ছয় ম্যাচের মধ্যে তারা জিতেছে কেবল একটি। চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ১৪বারের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে লাইপজিগ কোচ মার্কো রোসা বলছেন, তারা কাউকে ভয় পান না।
গেল মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দেখা হয়েছিল এই দল দুটির। সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে হারলেও নিজেদের মাঠে রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছিল লাইপজিগ।
বুন্দেসলিগায় লাইপজিগ আছে পাঁচ নম্বরে। রিয়াল মাদ্রিদ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৭ ম্যাচে অপরাজিত। তবু রোসা বললেন, রিয়ালের প্রতি শ্রদ্ধা আছে। সুযোগ কাজে লাগাতে চান। 'আমরা কোনো কিছুতেই ভয় পাই না। আমাদের স্টেডিয়ামে মাদ্রিদের বিপক্ষে খেলতে পেরে আমরা খুশি। আমরা মাঠে সবকিছু উজাড় করে দেব এবং সুযোগ কাজে লাগাতে যাচ্ছি। প্রথম লেগে আমরা ভালো ফল পেতে চাই, আমরা কাউকে ভয় করি না।'
