এক সময় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি দেখা যেত। সে সময় অবশ্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এতো দাপট ছিল না। কিন্তু সাম্প্রতিক ঢাকা লিগে বিদেশী ক্রিকেটার দূরে থাক, দেশের তারকা ক্রিকেটারদেরও পাওয়া যায় না পুরো আসরে। এক সময় ডিপিএলের কোনো দলে চারজন বিদেশি ক্রিকেটার নিয়ে খেলা হতো। সেখান থেকে দু’জনে নামিয়ে আনা হয়। কয়েক বছর আগে বিদেশি কোটা কমিয়ে আনা হয় একজনে। এবার সেটা শূন্যের কোঠায় নিয়ে যেতে চাচ্ছেন ক্রিকেট বোর্ড। ৯ মার্চ থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ হতে যাচ্ছে বিদেশী ক্রিকেটারহীন।
আসন্ন ডিপিএল নিয়ে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, '২০২৪ সালের লিগে বিদেশি খেলবেন না। ডলার সঙ্কট ও ক্লাবগুলোর ঐক্যমত মিলিয়ে এই সিদ্ধান্ত হয়েছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিপিএল আছে। ঢাকা প্রিমিয়ার লিগে দেশের ক্রিকেটাররা খেলবে। আমাদের ক্রিকেটারদের উন্নতির জন্য এবং সুযোগ করে দিতে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
আগামী ৯ মার্চ শুরু হয়ে ডিপিএলে ঈদুল ফিতরের জন্য মাঝে এক সপ্তাহের বিরতি থাকবে। টুর্নামেন্ট শুরুর আগে আগামী ২৮-২৯ ফেব্রুয়ারি হবে দলবদল। মোট চারটি ভেন্যুতে এই আসরটি গড়াবে। ভেন্যুগুলো হচ্ছে– বিকেএসপির দুটি মাঠ, হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।
আসন্ন ডিপিএলে বাড়ছে ব্যক্তিগত পুরস্কারের অর্থ। গতবারের চেয়ে এবার ব্যক্তিগত পুরস্কারের অর্থ বাড়িয়েছে সিসিডিএম। গত ডিপিএলে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ক্রিকেটারদের ১০ হাজার টাকা দেওয়া হতো। এবার সেটি বেড়ে ১৫ হাজার করা হচ্ছে। টুর্নামেন্টসেরা ক্রিকেটার, সেরা ব্যাটার, সেরা বোলারদের দেওয়া হতো দুই লাখ টাকা করে। এবার সেই অঙ্ক দাঁড়াচ্ছে আড়াই লাখ টাকায়।
এবার যে ১২টি দল অংশ নেবে ঢাকা প্রিমিয়ার লিগে
আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডী ক্লাব, প্রাইম ব্যাংক, লিজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান, গাজী গ্রুপ ক্রিকেটার্স, শাইনপুকুর, রূপগঞ্জ টাইগার্স, সিটি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, পারটেক্স ও গাজী টায়ার্স
×
