নগরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর এক নারীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে নেয়ার চেষ্টার অভিযোগে ডিবি পুলিশ পরিচয়ধারী দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. ইমন হোসেন মুন্না (৩৫) ও মো. আরাফাত (২২)। গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নাছিমা বেগম রত্নার বাসায় গিয়ে মো. ইমন হোসেন মুন্না নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। রত্না মাদক ব্যবসা করে বলে ১০ হাজার টাকা দাবি করে মুন্না। টাকা না দিলে রত্নাকে তার সঙ্গে যেতে হবে।
রত্না টাকা দিতে না চাইলে জোরপূর্বক তাকে সিএনজি অটোরিকশা উঠিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় রত্নার প্রতিবেশী ময়না বেগম অভিযুক্তদের তিনজনের নিকট পুলিশের আইডি কার্ড দেখাতে বলেন। আইডি কার্ড না দেখিয়ে রত্নাকে তারা টানাহেঁচড়া করে অটোরিকশায় তোলার চেষ্টা করে। এ সময় রত্না চিৎকারে স্থানীয়রা ওই দুজনকে আটক করে। এ সময় একজন পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করে। মোবাইল ফোনে অভিযুক্ত ইমনের পুলিশের পোশাক পরিহিত ছবি পাওয়া যায়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক একজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
