সাভারের আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে তিন এএসআই'সহ চার পুলিশ সদস্যকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকার ডিজাইনার ফ্যাক্টরির সামনে আব্দুল মান্নানের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
চাঁদাবাজির অভিযোগে গণধোলাইয়ের শিকার পুলিশ সদস্যরা হলেন-, আশুলিয়া থানার এএসআই উৎপল, এএসআই এমারত ও কনস্টেবল রয়েল এবং গাজীপুর পুলিশের এএসআই সোহাগ।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় রনস্থল এলাকার শারীরিক প্রতিবন্ধী আব্দুল মান্নানের চায়ের দোকানে বসে বিপিএল খেলা দেখছিলেন স্থানীয়রা। এসময় সাদা পোশাকে আসেন এএসআই উৎপল, এএসআই এমারত, কনস্টেবল রয়েল ও গাজীপুর জেলায় কর্মরত এএসআই সোহাগসহ ৫/৬ জন। পরে তারা সেখানে জুয়া খেলা হয় বলে সবাইকে হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে প্রতিবন্ধী আব্দুল মান্নানের পকেটে থাকা ৫০ হাজার টাকা, গরু ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ৪৮ হাজার ৭৭০ টাকা, মো. রাসেলের বিকাশ একাউন্টে থাকা ৫০ হাজার টাকা এবং মো. সোনা মিয়ার কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয়রা একত্রিত হয়ে ভুয়া পুলিশ বলে তাদের মধ্যে ৪ জনকে আটক করে গণধোলাই দিয়ে জরুরী সেবা ৯৯৯ এ কল করেন। খবর পেয়ে আশুলিয়া থানার এএসআই মিজানুর রহমান ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।
ভুক্তভোগী দোকানী মান্নান বলেন, বিকেলে হঠাৎ তারা এসে আমাকে বলে তুই জুয়া খেলস। জুয়ার ডিলার এই বলে আমার পকেটে হাত দিয়ে মোবাইল ও টাকা নিয়ে যায়। আমার স্ত্রী দুপুরে গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উঠিয়ে আমাকে দিয়েছিল। সে টাকাটা ওরা নিয়ে গেছে।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
