বিকাশকে হারিয়ে এগিয়ে গেলো নগদ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৪ পিএম

চট্টগ্রামে ফুটসাল টুর্নামেন্টে ইমরান খানের গোলে প্রতিদ্বন্দী বিকাশকে হারিয়ে দিয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। এই হারের পরপরই আরেকটি হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বিকাশ দল।

এশিয়ান স্পোর্টস লিগ-২০২৪ এর টুর্নামেন্ট চলছে বন্দর নগরী চট্টগ্রামে। করপোরেট ফুটসাল টুর্নামেন্টের এই দ্বিতীয় সিজনের দ্বিতীয় ম্যাচে বিকাশের বিপক্ষে বুধবার আলোচিত এই জয় পায় সাড়া জাগানো মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।

এশিয়ান স্পোর্টস কমপ্লেক্সের এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুই দল। তবে শেষ পর্যন্ত জয়ী ইমরান খানের একমাত্র গোলে জয় পায় তার দল নগদ।

তাহিবুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে নগদ দলে এই টুর্নামেন্টে খেলছেন আহসানুল করিম জনি, সুলতানুল আরেফিন, হাবিবুর রহমান বাপ্পি, অনি বড়ুয়া, ইমরান খান, রাশেদুল ইসলাম, আরিফ হোসেনইন এবং মান্নান রাকিব।

টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুমে এই জয়ের ফলে লড়াইয়ে রইলো নগদ। আর টানা দুই হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বিকাশ।

চট্টগ্রামে আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মীরা অংশ নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত