বাংলা জার্সিতে রহমতগঞ্জের সামনে কিংস

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৭ পিএম

সাত ম্যাচের সাত ড্র। তাদের থাবায় আহত হয়েছে আবাহনী, মোহামেডানের মতো বড় দল। এবার রহমতগঞ্জের সুযোগ বিগ ফিশ শিকারের। শুক্রবার অস্টম রাউন্ডে তাদের প্রতিপক্ষ শীর্ষে থাকা বসুন্ধরা কিংস। পুরানো ঢাকার দলটি কী পারবে এবারও অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখতে? 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা অক্ষর যুক্ত করা জার্সি পড়ে নামবে মাঠে বসুন্ধরা কিংস। 

সাত ম্যাচের ছয়টিটিত জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে টানা চারবারের লিগ জয়ী বসুন্ধরা কিংস। ষষ্ঠ রাউন্ডে মোহামেডানের কাছে হারের ধাক্কা তারা শেষ ম্যাচে সামলে উঠেছে পুলিশকে ৩-০ তে হারিয়ে। এবার তাদের সামনে আরও এগিয়ে যাওয়ার সুযোগ। তবে প্রতিপক্ষ রহমতগঞ্জ বলেই কিংস কোচ অস্কার ব্রুজোনকে থাকতে হচ্ছে সতর্ক। বৃহস্পতিবার বিকেলে দলকে নিয়ে কষেছেন রহমতগঞ্জকে হারানোর ছক। এর জন্য দলের কাছে একটা সংঘবদ্ধ পারফরম্যান্স প্রত্যাশা স্প্যানিশ কোচের। দেশ রূপান্তরকে ব্রুজোন বলেন, 'রহমতগঞ্জ এই মৌসুমে দারুন লড়াকু ফুটবল খেলছে। তাদের রক্ষণভাগ ভীষণ শক্তিশালী ও নির্ভুল এবং আক্রমণভাগে তিন ফরোয়ার্ড যে কোন দলের জন্যই বিপদজনক। অবশ্যই একটা কঠিণ ম্যাচ হতে যাচ্ছে এবং পূর্ণ তিন পয়েন্ট পেতে আমাদের একটা সংঘবদ্ধ পারফরম্যান্স দেখাতে হবে।'
স্বাধীনতা কাপের পরে কোচ বদল করে রহমতগঞ্জ। অভিজ্ঞ কামাল বাবুর জায়গায় দায়িত্ব দেওয়া হয় পরীক্ষিত জাহিদুর রহমান মিলনকে। এই কোচের অধীনে দারুণ উজ্জীবিত রহমতগঞ্জ হয়তো এখনও জয় পায়নি তবে সাত ম্যাচ থেকে সংগ্রহ করেছে মূল্যবান সাত পয়েন্ট। সাত পয়েন্ট পেলেও পয়েন্ট টেবিলে রহমতগঞ্জের অবস্থান ষষ্ঠস্থানে। যা নিয়ে আক্ষেপ আছে মিলনের, 'দুই-তিনটা ম্যাচে আমরা এগিয়ে থেকেও জিততে পারিনি। বিশেষ করে শেষ ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টিতে গোল খেয়ে মোহামেডানের সঙ্গে ড্র করতে হয়েছে।' কিংসের বিপক্ষে ড্রয়ের রেকর্ড এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী মিলন, 'কিংস সেরা দল। তাদের সঙ্গে রহমতগঞ্জের শক্তি-সামর্থ্যে ফারাক অনেক। তবে আমরা মাঠে যাবো ইতিবাচক একটা ফলাফলের আশায়। আমাদের দলের সবচেয়ের বড় শক্তি হলো সবাই সামর্থ্যের সেরাটা দিচ্ছে মাঠে। তাছাড়া আমি পরে যোগ দিলেও দল আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। কিংসকে আমরা কঠিণ চ্যালেঞ্জ ছুড়ে দিবো।'

রাজশাহীতে লিগের অপর ম্যাচে স্বাগতিক ফর্টিজ এফসি মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ এফসির। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত