‘দেশের মানুষকে দুই-চার জনের হাত থেকে বাঁচাতে চাই’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৩ পিএম

দেশের মানুষকে দুই-চার জনের হাত থেকে বাঁচাতে চাই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের অবাধ সরবরাহ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, 'টিসিবির তালিকা হালনাগাদ ও ভ্রাম্যমাণ ট্রাকের পরবর্তীতে স্থায়ী দোকান করতে চাই৷ এগুলো আমার না, প্রধানমন্ত্রীর নির্দেশ। বাজার ব্যবস্থা দুই-চার জনের হাতে না রেখে ফ্রি মার্কেট করতে চাই। ফ্রি মার্কেটে সবার ব্যবসা করার সুযোগ আছে।'

তিনি বলেন, 'ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ভোজ্য তেলে ট্যারিফ কমানো হয়েছে। এতে বাজারে প্রতি লিটারে অন্তত ছয় টাকা কমানো উচিত ছিল কিন্তু বিভিন্ন অজুহাতে কমানো হয়নি। আমরা জানি, আপনাদের সমস্যা আছে, দেশের সমস্যা আছে, সারা বিশ্বের সমস্যা আছে কিন্তু সদিচ্ছা থাকলে সব সম্ভব।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, 'আগামী ১ মার্চ থেকে চালের বস্তায় সব তথ্য লেখা থাকবে। নিত্য প্রয়োজনীয় পণ্য ও কৃষিপণ্য নিয়ে যেসব আইন আছে তা মানা হচ্ছে না; এই আইনগুলো সমন্বয় করে সামনের মাস থেকে নতুন করে কাজ করা হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত