ইতালি যাওয়ার পথে দুই যুবকের মৃত্যু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪১ এএম

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাদারীপুরের রাজৈরের দুই যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও একজন। গতকাল শুক্রবার দুই যুবকের মৃত্যুর খবর পরিবারের কাছে আসে। তারা হলেন খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে মামুন শেখ (২০) ও সেনদিয়া গ্রামের সুনীল বৈরাগীর ছেলে সজল বৈরাগী (২৫)।

এর আগে গত বুধবার তিউনিসিয়ার ভূমধ্যসাগরে নৌকার ইঞ্জিন ফেটে মামুন ও সজলসহ ১২ জনের মৃত্যু হয়। লিবিয়া থেকে একটি ইঞ্জিনচালিত ওই নৌকায় রওনা  দেয় তারা। ৩২ জন ধারণ ক্ষমতা সম্পন্ন নৌকায় ৫২ জন নিয়ে ইতালি রওনা দিয়েছিল নৌকাটি। পরে খবর পেয়ে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় কোস্টগার্ড। এছাড়া এখনো নিখোঁজ রাজৈরের গোহালা ইউনিয়নের পান্নু শেখের ছেলে আপন শেখ।

মামুন শেখের বড় ভাই সজীব শেখ বলেন, মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের সুন্দরদী গ্রামের বাদশা কাজীর  ছেলে মোশারফ কাজী প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে নেয় ১৩-১৫ লাখ টাকা। পরে অতিরিক্ত যাত্রীবোঝাই করে ইঞ্জিনচালিত নৌকায় ইতালি পাঠালে ঘটে এই দুর্ঘটনা।

সজল বৈরাগীর বাবা সুনীল বৈরাগী বলেন, ‘দালাল মোশারফ কাজী দীর্ঘদিন ধরে লিবিয়ায় বসবাস করছে। তার ছেলে যুবরাজ গ্রাম থেকে ইতালি পাঠানোর জন্য যুবকদের সংগ্রহ করে। মোশারফ কাজী প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়েছে। আজ আমার ছেলে নেই, শেষবারের মতো আমার ছেলেকে দেশে আনার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি সরকারের কাছে। আর ঐ দালালের বিচার দাবি করছি।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার আসাদ এ ব্যাপারে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত