আ.লীগ নির্বাচনের পর তীব্র দাম্ভিক হয়ে উঠেছে : ফখরুল

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৮ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আওয়ামী শাসকগোষ্ঠী তীব্র মাত্রায় দাম্ভিক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রামের রাউজানে হামলায় ওমানপ্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ মুছা নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘৭ জানুয়ারি ডামি ও প্রহসনমূলক নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতা হারানোর ভয়ে রয়েছে। এর অংশ হিসেবে এখন বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের খুন-জখমে আরও বেশি বেপরোয়া ও নৃশংস হয়ে উঠেছে।’

ফখরুল অভিযোগ করে বলেন, ‘চট্টগ্রামের রাউজানে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত ও পৈশাচিক হামলায় প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ মুছার মৃত্যুর ঘটনা ঘটেছে। বিএনপি নেতার মৃত্যুতে নিষ্ঠুর আওয়ামী শাসকগোষ্ঠীর নির্মমতার ইতিহাসে আরও একটি কলঙ্ক যোগ হলো। এই নির্মম হত্যাকান্ডের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের ঐতিহ্যই হলো জনগণের ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সন্ত্রাস আর খুন-খারাবির মাধ্যমে ক্ষমতার মসনদে বসে দেশে ভয়াবহ দুঃশাসন জারি রাখা। মিথ্যা এবং গলাবাজিই এদের শাসনের মূলমন্ত্র। মানুষের রক্তে হাত রাঙাতে এরা এতটাই নিষ্ঠুর যে মানুষ হত্যা করে এরা উল্লসিত হয়।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রশাসনকে কবজায় নিয়ে ৭ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আওয়ামী শাসকগোষ্ঠী তীব্র মাত্রায় দাম্ভিক হয়ে উঠেছে। দেশে আইনের শাসন নেই। এ কারণে সরকারদলীয় সন্ত্রাসীরা হত্যা আর রক্তপাত ঘটালেও তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পার পেয়ে যাচ্ছে। ফলে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নেমে এসেছে প্রাণবিনাশী সর্বনাশা আক্রমণ।’ তবে কোনো কর্তৃত্ববাদী নিপীড়ক সরকারই জনগণের ওপর স্টিমরোলার চালিয়ে বেশিদিন টিকে থাকতে পারেনি উল্লেখ করে ফখরুল বলেন, ‘আওয়ামী শাসকগোষ্ঠীও পারবে না।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব মোহাম্মদ মুছার হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। তিনি মুছার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত