'পাঠকের দুয়ারে বই', স্লোগানকে ধারণ করে অদম্য’ ১৯ ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ৫৫তম ব্যাচের স্থানীয় সহযোগীতায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে দিনব্যাপী চলছে বই বিনিময় উৎসব।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) প্রায় এক হাজার বইয়ের সংগ্রহ নিয়ে এই আয়োজন চলেছে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত।
বই বিনিময় উৎসবে পাঠকরা তাদের নিজেদের বাসায় পড়ে থাকা বা পড়া হয়ে যাওয়া বইয়ের বিনিময়ে নতুন বই সংগ্রহের সুযোগ পান। সারাদিনে পাঁচ হাজারেরও বেশি বই বিনিময় হয়েছে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। আয়োজন ঘিরে পাঠকদের ভালো সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
অদম্য ১৯ এর পরিচালক তায়েব মৃধা জানান, নতুন পাঠক তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্যে। মানুষের মাঝে বইকে সহজলভ্য করে দেওয়ার জন্যই আমাদের এমন ব্যতিক্রমি আয়োজন।
সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী জুলফিকার রহমান জানান, এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। এমন আয়োজন আমার দেখা এটাই প্রথম। পাঠকদের বই পড়তে এমন আয়োজন দারুন উদ্বুদ্ধ করবে বলে আশা রাখছি।
আয়োজন সহযোগী হিসেবে যুক্ত আছেন সম্মিলিত পাঠাগার আন্দোলন, বইবাড়ি এবং সতীর্থ প্রকাশনা।
