ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট নকল করে প্রতারণা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৯ এএম

প্রতারণার অভিযোগে চার সাইবার প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। চক্রটি ভূমি মন্ত্রণালয়ের ভূমি উন্নয়ন কর পরিশোধের অফিশিয়াল ওয়েবসাইট ক্লোন করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ গণমাধ্যমকে এ তথ্য জানায়। এর আগে সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা ও নড়াইলে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ইন্টারনেট রেফারেল টিম। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মো. সোলায়মান ওরফে তৌহিদ, মো. খোকন, হোয়াইট ডেভিল নামে পরিচিত শেখ সেজান ও মো. নাসির উদ্দিন। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার ইমরানুর ইসলাম জানান, প্রতারকরা ভুয়া তথ্য ব্যবহার করে ওয়েবসাইট নিবন্ধন করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গত ১১ ফেব্রুয়ারি সিলেট সিটি করপোরেশন ও হবিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মো. সোলায়মান ও মো. খোকনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

ইমরানুর ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সোলায়মান ও খোকনের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৩ ফেব্রুয়ারি নড়াইলের লোহাগড়া থানা এলাকায় অভিযান চালিয়ে হোয়াইট ডেভিল নামে পরিচিত শেখ সেজানকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত