কাজে যাওয়ার পথে প্রাণ গেল ৪ শ্রমিকের

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৬ এএম

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মধ্যে সংঘর্ষে বাবা-ছেলেসহ এক ইটভাটার চার শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক। গতকাল সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দিন বগুড়ার আদমদীঘিতে সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় নিহত হয়েছেন এক নারী। ওই দুর্ঘটনায় তার ছেলেও গুরুতর আহত হয়েছেন।

গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি জানান, ওই এলাকার দুর্ঘটনায় নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার টালাবহ এলাকার আব্বাস আলী ও তার ছেলে জাহিদুল ইসলাম, এই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে মকজেল হোসেন এবং পাশের ভাউমান এলাকার হাসেন আলীর শওকত হোসেন। তারা সবাই ইটভাটার শ্রমিক ছিলেন।

এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্বাস আলী ও তার ছেলে জাহিদুল, শওকত ও মকজেল প্রতিদিনের মতো গতকাল সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার টালাবহ এলাকা থেকে একটি অটোরিকশায় করে ইটভাটায় কাজে যাচ্ছিলেন। যাওয়ার পথে অটোরিকশাটি সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সূত্রাপুর এলাকায় শিলাবৃষ্টি পাম্পের পাশে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীসহ অটোরিকশাটি মহাসড়কের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই শওকত, মকজেল ও জাহিদুল মারা যান। এ সময় ওই অটোরিকশাচালক রমজান আলী ও জাহিদুলের বাবা আব্বাস গুরুতর আহত হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। পরে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে আব্বাস মারা যান। এ ছাড়া অন্য গুরুতর আহত অটোরিকশাচালক রমজানকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই দুই গ্রামে শোকের ছায়া নেমে আসে। 

নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, নিহতদের লাশ উদ্ধার করে আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের  কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া অন্যজন আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা এক্সকাভেটর মেশিনবাহী ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আসমা বিবি (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আসমা বিবির ছেলে রাজু আহম্মেদ ও অটোরিকশাচালক মিঠুন।

নিহত আসমা বগুড়ার গাবতলী উপজেলার কাগইল গ্রামের টুকুর স্ত্রী। আহত রাজু আসমা বিবির ছেলে ও মিঠুন নওগাঁর রানীনগর ধনপাড়া এলাকার বাসিন্দা।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে আসমা বিবির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি পায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত