খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।
স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ গুইমারা যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপে থাকা দুই নারীর। দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন। স্থানীয়রা হতাহতের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা: শহিদুজ্জামান জানান, হাসপাতালে আনার আগে দুইজন নিহত হয়েছেন। অনেকে আহত হলেও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
