একুশ হলো মাতৃভাষা জানা: সিমিন হোসেন রিমি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩ পিএম

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, একুশ হলো মাতৃভাষাকে জানা। ভাষার প্রতি মনকে আলোকিত করা এবং চেতনা জাগ্রত করা। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, একুশ আমাদের মনে শক্তি দেয়, জ্ঞান দেয় এবং ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। 

একুশে ফেব্রুয়ারির ইতিহাস বর্ণনা করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, বায়ান্নের ভাষা আন্দোলন শুধু আমাদের বাংলা ভাষাকে দিয়েছে তা নয়, এই আন্দোলনের ফলে আমরা পেয়েছি চিন্তার স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং লেখনীর স্বাধীনতা। বায়ান্নের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির মুক্তির স্বাধীনতার যাত্রা সূচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, বায়ান্নের ভাষা শহীদদের জাতি কখনো ভুলবে না। মায়ের মুখের ভাষা বাংলা ভাষার সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখতে বাংলা ভাষার ব্যবহারের বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
 
সিমিন হোসেন রিমি বলেন, মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস জানানোর মাধ্যমে শিশুদের সঠিক পথ প্রদর্শন করতে হবে। শৈশব থেকে শিশুদের মধ্যে বাংলা ভাষার প্রতি মমতা তৈরি করতে হবে। এ সময় তিনি নিজ মাতৃভাষার পাশাপাশি বিশ্বের সকল ভাষায় প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রফেসর, বঙ্গবন্ধুর চেয়ার ড. সৈয়দ আনোয়ার হোসেন, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত