নারায়ণগঞ্জে কবুতর পালনের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা পুলিশ। পরে অভিযান চালিয়ে দুটি রিভলবার (দেশীয়) সহ মো. করিম মিয়া (৬০) নামে একজনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পাইকপাড়া শাহ সুজা রোড এলাকায় একটি বাড়িতে এ অভিযান চলে। সেখানে কবুতর পালনের আড়ালে অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালিত হতো।
করিম মিয়ার চাঁদপুরের হাইমচরের মহেষপুরের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। ৯০ দশকের দিকে তিনি নারায়ণগঞ্জে বোনের বাসায় বসবাস করতেন এবং কবুতর পালন করতেন।
অভিযানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনসহ জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অংশ নেন।
এ সময় দুটি অস্ত্র ছাড়াও একটি ওয়ান শ্যুটার গানের (দেশীয় একনলা বন্দুক) পাইপের অংশ, একটা কার্তুজ শটগানের গুলিসহ অন্যান্য দেশীয় রিভলবার ও পাইপগান তৈরির প্রায় সব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এগুলো তৈরি করতে ড্রিল মেশিন, কাটারও উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, প্রায় এক মাস আগে থেকে আমরা এটা নজরদারিতে রাখছিলাম। আজ বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। এর সাথে আর কারা জড়িত, এর ক্রেতা কারা খুঁজে বের করতে কাজ চলছে। দীর্ঘদিন ধরে তিনি হাতে তৈরি পিস্তল রিভলবার যখন যেমন চাহিদা তৈরি করে আসছিলেন এবং সাপ্লাই দেন।
তিনি আরও বলেন, আমরা আটককে জিজ্ঞাসাবাদ করব। তিনি এগুলোর যন্ত্রাংশ কোথা থেকে নিয়ে আসেন, কাকে কাকে অস্ত্র দেন, কারা ক্রেতা, কীভাবে বিক্রি হয়, কত টাকায় বিক্রি হয় জেনে আমরা পরবর্তীতে বিস্তারিত জানাব। তিনি বলেছেন, তার সাথে আরও একজন আছে আমরা তাকে খুঁজে বের করতে চেষ্টা করছি।
