এবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা ও ঢাকার কেরানীগঞ্জ থেকে কিশোর গ্যাংয়ের ৫০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। তারা টপবাজ গ্রুপ, গ্যাং স্টার প্যারাডাইস, বয়েস হাই ভোল্টেজ, দে-দৌড়, হ্যাচকা টান ও বুস্টার গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন। গত মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে লাঠি, চাকু, সুইচ গিয়ার, চাইনিজ কুড়াল, ছুরি, চাপাতি ও ইলেকট্রিক শক দেওয়ার মেশিন উদ্ধার করা হয়েছে।
এর আগে গত শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকা থেকে বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপের ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, টপবাজ গ্রুপের হোতা রাব্বি, গ্যাং স্টার প্যারাডাইস গ্রুপের ইউসুফ, বয়েস হাই ভোল্টেজ গ্রুপের সাইফুল, দে-দৌড় গ্রুপের মাইদুল, হ্যাচকা টান গ্রুপের শাহাদাৎ ও বুস্টার গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের হোতাদের গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি এসব এলাকায় কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। নানা অপরাধমূলক কর্মকান্ডে কিশোররা জড়িয়ে পড়ছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা রাজধানীর যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, ঢাকা-মাওয়া মহাসড়কসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ, হত্যাচেষ্টা এবং পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। গ্রেপ্তারদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা আছে।
