কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪০ পিএম

কুড়িগ্রাম সদরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদমান সাদিক (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরেক শিক্ষার্থী। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কুড়িগ্রাম ধরলা ব্রিজ পশ্চিম পাড়ের কাছে ঠ্যানারি পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত সাদিক পৌর শহরের পলাশবাড়ী বানিয়া পাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে। সে আগামী বছর এসএসসি পরিক্ষা দিবে বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শহরের ঠ্যানারি পাড়া এলাকায় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে আহত অবস্থায় দুই শিক্ষার্থীকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন। আহত হিমুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত