ইউক্রেনকে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র দেওয়া নিয়ে দ্বিধায় রয়েছে জার্মানি। রাশিয়াকে যুদ্ধের ময়দানে কোণঠাসা করতে পশ্চিমা বিশ^ অবাধে আর্থিক সহায়তা দিলেও স্পর্শকাতর সামরিক অস্ত্র কিয়েভের হাতে তুলে দিতে এখনো অনেকে দ্বিধান্বিত। উল্লেখ্য, জার্মানি তার ৫০০ কিলোমিটার পাল্লার টাউরুস ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহ করবে কি না, তাই নিয়েই বিতর্ক।
গতকাল বৃহস্পতিবার জার্মান সংসদের নিম্ন কক্ষ ‘বুন্ডেস্ট্যাগ’-এর সদস্যরা সরকারকে ইউক্রেনের জন্য দূরপাল্লার অস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন। তবে বিরোধীদলের কেউ কেউ পক্ষের একাংশ টাউরুস ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠানোর প্রস্তাবে সায় দিতে পারেনি। এমনকি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ পর্যন্ত টাউরুস সরবরাহের প্রশ্নে সংশয় কাটাতে পারেননি। তবে পাঠানো যাবে না, এমন কথাও তিনি বলেননি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দীর্ঘমেয়াদি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে জার্মানি। কিন্তু বিশ্লেষকরা বলছেন, শলৎজের প্রশাসন এই মুহূর্তে একা নিজের কাঁধে ইউক্রেনকে এত ভারী অস্ত্র সরবরাহের দায়িত্ব নিতে চাইছেন না।
