প্রাণের বইমেলার এক সময়ের প্রাণবন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ এখন অনেকটা আলাদা। বইমেলার এই অংশে প্রবেশ করলে মনে হবে যেন মেলার প্রাণটুকু নেই। এই অংশে পাঠকের আনাগোনা কম, বিক্রিও কম। মেলার এই অংশে সরকারি, বেসরকারি, সাংস্কৃতিক, ধর্মীয় এবং স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানের স্টলের আধিক্য। যাদের মূল উদ্দেশ্যে বিক্রি নয়, বরং প্রচারই মুখ্য।
বাংলা একাডেমি অংশে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলের মধ্যে রয়েছে তথ্য অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বিআইডিএস, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বঙ্গবন্ধু জাদুঘর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, এনসিটিবি, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, গণহত্যা জাদুঘর, জাতীয় গ্রন্থকেন্দ্র, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), চাইল্ড অ্যান্ড মাদারকেয়ার। স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে রয়েছে বিদ্যানন্দ, মাস্তল ফাউন্ডেশন। ধর্মীয় সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বাইবেল সোসাইটি, ইসকন, নলতা কেন্দ্রীয় আহছ্ানিয়া মিশন, সৎ সঙ্গ, আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
এসব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব স্টল বই বিক্রির উদ্দেশ্যে দেওয়া হয় না। মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের প্রচার। এখানে বেশিরভাগ গবেষণাধর্মী বই পাওয়া যায়। আর কিছু স্টলে নামমাত্র কিছু বই রাখা হয়।
তথ্য অধিদপ্তর স্টলের দায়িত্বে থাকা শফিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা শুধু আমাদের প্রকাশিত বই দেখাই, প্রচার করি। বই বিক্রি করি না, প্রদর্শন করার জন্য কিছু বই রাখা হয়।’ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির আবুল বাশার বলেন, ‘স্টল দেওয়ার কারণ বিক্রি এবং প্রচার দুটোই, তবে প্রচারই মুখ্য।’
টিআইবির ফাইন্যান্স অর্থ প্রশাসক প্রদীপ কুমার বলেন, ‘আমরা বিভিন্ন গবেষণা করি, সেসব গবেষণার ফল নিয়ে বই প্রকাশ করি। আমরা দুর্নীতিসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিভিন্ন কাজ করি। আমাদের উদ্দেশ্য মানুষ এসব বিষয়ে সচেতন হোক, তার নিজের অধিকার সম্পর্কে জানুক, টিআইবি সম্পর্কে জানুক।’
ইসকনের স্টলের দায়িত্বে থাকা প্রেমময় নিমাইদাস বলেন, ‘আমাদের কাজ প্রচার করা। কেউ বই দেখে জানবে আর আমাদের কাছে জিজ্ঞেস করলে আমরা সেগুলো বলার চেষ্টা করি।’ মাস্তল ফাউন্ডেশনের দায়িত্বে থাকা নাঈমা নাজমুন জানান, তারা এখান থেকে বিভিন্ন ডোনেশন কালেক্ট করেন।
গতকাল ছিল অমর একুশে বইমেলার ২৩তম দিন। মেলার শেষ শুক্রবার হওয়ায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে ছিল জনস্রোত। মেলা শুরু হয় বেলা ১১টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। গতকাল নতুন বই এসেছে ১৯৭টি। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : আখতারুজ্জামান ইলিয়াস শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মামুন হুসাইন। আলোচনায় অংশগ্রহণ করেন ওয়াসি আহমেদ এবং জাফর আহমদ রাশেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস।
সভাপতির বক্তব্যে অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস বলেন, আখতারুজ্জামান ইলিয়াসের বোধ ছিল শানিত, ভাষা ঝরঝরে এবং চিন্তা ছিল স্বচ্ছ। নিরন্তর নিরীক্ষার মধ্য দিয়েই তার সাহিত্য অনন্য উচ্চতা লাভ করেছে। নবীন পাঠকদের আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্যপাঠে উৎসাহিত করতে হবে।
আজকের কর্মসূচি : আজ শনিবার অমর একুশে বইমেলার ২৪তম দিন। মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে শিশুপ্রহর। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ : মোহাম্মদ রফিক এবং খালেক বিন জয়েনউদদীন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন যথাক্রমে আলতাফ শাহনেওয়াজ এবং সুজন বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করবেন শামীম রেজা, শোয়াইব জিবরান, আসলাম সানী এবং আমীরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবুল মোমেন।
