গহরকে সরিয়ে পিটিআই চেয়ারম্যান হচ্ছেন জাফর

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১১ এএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্যারিস্টার গহর আলি খানকে। গতকাল শুক্রবার পিটিআই নেতা শের আফজাল মারওয়াত জানান, নেতা হিসেবে ‘সন্তোষজনক’ ভূমিকা পালন করতে না পারায় সরিয়ে দেওয়া হয়েছে ব্যারিস্টার গহরকে। এদিকে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা মুরাদ আলি শাহকে মনোনয়ন দেওয়া হয়েছে। আবার পাঞ্জাবে প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যরা গতকাল শপথ নিয়েছেন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পাকিস্তানকে ঋণ না দিতে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান যে আহ্বান জানিয়েছিলেন তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। 

আগামী ৩ মার্চ পিটিআইয়ের অভ্যন্তরীণ দলীয় নির্বাচন হবে। একে সামনে রেখে গত বৃহস্পতিবার ব্যারিস্টার গহর আলি খান জানান, তার জায়গায় ব্যারিস্টার আলি জাফর চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন। আর মহাসচিব পদে মনোনীত ব্যক্তি হচ্ছেন ওমর আইয়ুব।

এরপর গতকাল পিটিআই নেতা শের আফজাল মারওয়াত জানান, সন্তোষজনক ভূমিকা পালন করতে না পারায় ব্যারিস্টার গহরকে পদ থেকে সরানো হয়েছে।

ইমরান খান কারাবন্দি হওয়ার পর দলের অভ্যন্তরীণ নির্বাচন আয়োজন করতে পিটিআইকে চাপ দিয়ে আসছিল নির্বাচন কমিশন। পরে নির্বাচন প্রক্রিয়ায় ব্যারিস্টার গহর চেয়ারম্যান হন। কিন্তু এই প্রক্রিয়াকে আইনি স্বীকৃতি দেয়নি সর্বোচ্চ আদালতও। এ নিয়ে শেষমেশ দলীয় প্রতীক ‘ব্যাট’ হারায় পিটিআই। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাট প্রতীক ছাড়া স্বাধীন প্রার্থী হিসেবে লড়াই করে প্রার্থীরা। নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দেন ব্যারিস্টার গহর। তার অধীনে পিটিআই-সমর্থিত স্বাধীন প্রার্থীরা ৯০টিরও বেশি আসনে জয়লাভ করে যা এবার জাতীয় পরিষদে সর্বোচ্চ সংখ্যক আসনে জয়লাভের ঘটনা। 

পিটিআই নেতা মারওয়াত বলেন, দল চালাতে গেলে একজনকে সর্বক্ষণ থাকতে হয়। কিন্তু তিনি (গহর) তা পারছিলেন না।

এদিকে সিন্ধু প্রদেশে সর্বোচ্চ প্রাদেশিক আসনে জয়লাভ করেছে পিপিপি। দলটি সেখানকার মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে মুরাদ আলি শাহকে মনোনয়ন দিয়েছে দলটি। আবার গতকাল পাঞ্জাব প্রদেশের আইনসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। আজ শনিবার স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। এখানে সর্বোচ্চ আসন পাওয়া দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান নওয়াজ শরিফ নিজ কন্যা মরিয়ম নওয়াজকে মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন।

আবার ইমরানের আহ্বানের পরিপ্রেক্ষিতে আইএমএফ প্রতিনিধি জানিয়েছে, তারা এ ধরনের আহ্বানে কর্ণপাত করবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত