রাজধানীর পোস্তগোলা সেতুর সংস্কার কাজ চলছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সেতু দিয়ে ভারী-হালকা কোনো ধরণের যানবাহন চলাচল করতে পারবে না। বাড়তি যানজটের শঙ্কায় এই রুটের হাল্কা ও ভারী সব যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মেরামত চলাকালীন সময় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
এ সময়ের মধ্যে ঢাকাসহ ২১ জেলার যানবাহনের যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই বিকল্প রুটগুলোর জন্য ভারী ও হালকা দুটি ক্যাটাগরি করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোন অফিস। যেখানে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে। হালকা যানবাহন ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে। ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যানবাহন বিকল্প সড়ক ব্যবহার করবে বলে উল্লেখ্য করা হয়েছে।
হালকা যানবাহনের (বাস, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা) রুটসমূহ : হালকা যানসমূহ ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে।
ক. পদ্মা সেতু থেকে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী যানবাহন শ্রীনগর-মুন্সীগঞ্জ-মুক্তারপুর সেতু- তৃতীয় শীতলক্ষ্যা সেতু- মদনপুর সড়ক ব্যবহার করতে পারবে।
খ. সিলেট ও চট্টগ্রাম থেকে পদ্মা সেতুমুখী যানবাহন মদনপুর থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মুক্তারপুর সেতু মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়ক ব্যবহার করতে পারবে।
গ. পদ্মা সেতু থেকে ঢাকাগামী হালকা যানবাহন শ্রীনগর-দোহার-নবাবগঞ্জ- কেরানীগঞ্জ সড়ক, তুরাগ-রোহিতপুর, আব্দুল্লাহপুর-রাজাবাড়ী বাজার- কোনা খোলা মোড়-বছিলা সেতু হয়ে মোহাম্মদপুর সড়ক ব্যবহার করবে।
ভারী যানবাহনের (ট্রাক,পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান, কন্টেইনার) রুটসমূহ: ২২ ফেব্রিয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যানবাহন বিকল্প সড়ক ব্যবহার করবে।
ক. যাত্রাবাড়ি থেকে ছেড়ে আসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মহাসড়কগামী যানবাহন ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করতে পারবে।
খ. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মহাসড়ক হতে যাত্রাবাড়িগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন-বাবুবাজার সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করতে পারবে।
গ. গাবতলী থেকে ছেড়ে আসা দক্ষিণ অঞ্চলগামী যানবাহন পাটুরিয়া দৌলতদিয়া ফেরীঘাট হয়ে যাতায়াত করবে।
ঘ. দেশের পূর্বাঞ্চল/দক্ষিণ পূর্বাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চল/দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যানবাহন চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট হয়ে যাতায়াত করবে।
ঙ. দেশের উত্তরাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াত করবে।
এর আগে ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পোস্তগোলা সেতুর সংস্কার কাজের ঘোষণা দেওয়া হয়েছিলো। তবে এসএসসি পরীক্ষার সূচীর সাথে সমন্বয় করে সেই সময়সূচীর পরিবর্তে ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে সংস্কার কাজ।
