তুরস্কে তথ্য প্রতিমন্ত্রী

ভুল তথ্য প্রতিরোধ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৪ এএম

বিশ্বব্যাপী ভুল তথ্য প্রতিরোধে বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

তিনি বলেছেন, ‘সারা বিশ্বে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও এর নেতিবাচক শিকার। অপতথ্য ও ভ্রান্ততথ্য প্রতিরোধ তাই এখন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ।’

গতকাল শনিবার তুরস্কের ইস্তাম্বুলে স্থানীয় সময় দুপুরে দেশটির যোগাযোগ অধিদপ্তরের প্রেসিডেন্ট অধ্যাপক ফাহরেতিন আলতুনের  সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের সম্মেলনের বিশেষ অধিবেশনের আগে এই বৈঠক হয়।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘ফিলিস্তিনের গাজায় যেভাবে ক্রমাগত বিভ্রান্তিকর অপতথ্য ছড়ানোর ঘটনা ঘটছে, তা বিশ্ব খুব কমই দেখেছে। এই ধরনের অপতথ্য প্রচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিরোধ গড়ে তোলার জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

দ্বিপক্ষীয় বৈঠকে অপতথ্য ও ভুল তথ্য প্রচারের বিরুদ্ধে বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রেসিডেন্ট অধ্যাপক ফাহরেতিন আলতুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত