সময় বাড়ল দুদিন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১০ এএম

প্রাণের অমর একুশে বইমেলার বিদায়ের সুর বাজার মধ্যেই আরও দুদিন সময় বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে এই সময় বাড়ানো হয়েছে বলে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এই তথ্য নিশ্চিত করেছেন।

সে হিসেবে আগামী ২ মার্চ শেষ হবে বইমেলা।

মহাপরিচালক বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বইমেলার সময় দুদিন বাড়ানো হয়েছে। আমরা এটি আজ (মঙ্গলবার) মাইকে ঘোষণা করে দিয়েছি। আগামীকাল (আজ) চিঠি ইস্যু করা হবে।’

এর আগে শুক্র এবং শনিবারও চালু রাখার দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশনা সমিতি ও বিভিন্ন প্রকাশনীর প্রকাশকরা।

 এদিকে শেষ মুহূর্তে বেড়েছে বিক্রি ও পাঠক-দর্শনার্থীদের উপস্থিতি। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমির সামনের বিভিন্ন স্টল ঘুরে পছন্দের বই খুঁজছেন পাঠকরা। বরাবরই শেষবেলায় বইয়ের বিক্রি বেশি হয়।

তবে পাঠকরা বলছেন, ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকেই বই কিনতে পারছেন না। এমনিতেই কাগজের দাম বাড়ার কারণে বইয়ের দাম বেশি, তার ওপর রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সব মিলিয়ে মনভরে বই কিনতে ভাবছেন তারা।

গতকাল মঙ্গলবার বইমেলার ২৭তম দিনে সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের ঘ্রাণে ছুটে এসেছেন সময় বাড়ল দুদিন

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালিদ হাসান। ১০টি বইয়ের তালিকা নিয়ে মেলায় গিয়ে বই কেনেন মাত্র ৪টি। জানতে চাইলে তিনি বলেন, ‘পছন্দের ১০টি বইয়ের তালিকা হাতে নিয়ে মেলায় আসি। কিন্তু এসে দেখি বাজেটের তুলনায় অনেক বেশি বইয়ের মূল্য। খাবার-দাবারসহ সবকিছুর দামে ঊর্ধ্বগতি। তার ওপর কাগজের মূল্যবৃদ্ধিতে বইয়ের দামও বেড়েছে কয়েক গুণ। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও কিনতে পারছি না সব বই।’

শুধু খালিদ নয় বইপ্রেমীদের কাছে অধরাই রয়ে যাচ্ছে পছন্দের অনেক বই। গত দুই বছরে দ্রব্যমূল্যের উচ্চগতির সঙ্গে কাগজের মূল্যবৃদ্ধি পাওয়ার কারণে এমনটা হচ্ছে বলে মন্তব্য করেন মেলায় আসা পাঠকরা। শুধু নতুন নয়, পুনর্মুদ্রিত বইয়েরও দাম বৃদ্ধি পেয়েছে অনেক।

প্রকাশকরা জানান, আন্তর্জাতিক বাজারে কাগজের দামের চেয়ে বাংলাদেশে কাগজের দাম বেশি। বিগত দুই বছরের কাগজের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। আর তা প্রতিনিয়ত বাড়ছে। আর তাই বাধ্য হয়েই বইয়ের দাম কিছুটা বাড়িয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ফরহাদ বলেন, পছন্দের বেশ কয়েকটি বইয়ের তালিকা হাতে নিয়ে মেলায় আসি। কিন্তু এসে দেখি বাজেটের তুলনায় অনেক বেশি বইয়ের মূল্য। তাই এখনো কিনতে পারছি না। অনেক হিসাবনিকাশ করে চলতে হয়। বইয়ের দাম আগের মতো থাকলে এত চিন্তা করা লাগত না। এখন কেন জানি বইয়ের আশপাশে যেতেও ভয় লাগে।

কয়েক বছর ধরে বইমেলায় বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনজুমান আরা নিশাত। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বইমেলার দাম আসলেই বেড়েছে। আগে যে বই পাওয়া যেত ২০০ টাকায়, সেটার মূল্য এখন ৩০০। প্রতিটি বইয়ে ৫০-১০০ টাকা কিংবা তারও বেশি বেড়েছে। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো আছেই। সব মিলিয়ে পাঠক বই কিনতে এখন অনেক চিন্তাভাবনা করেন।’

শোভা প্রকাশের প্রকাশক মিজানুর রহমান বলেন, ‘কাগজের দাম প্রতিনিয়ত বাড়ছে। বই প্রকাশ করাই আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে। কাগজের দাম বাড়ায় বইপ্রতি আগের চেয়ে দুই-তিন গুণ দাম বাড়ছে। আমরা তবুও ভর্তুকি দিয়ে কিছুটা কম রাখার চেষ্টা করছি। সবকিছু প্রস্তুত থাকা সত্ত্বেও সব বই প্রকাশ করা সম্ভব হয়নি। যার ফল বিক্রিও আগের তুলনায় কম হচ্ছে।’

গতকাল ছিল অমর একুশে বইমেলার ২৭তম দিন। মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। গতকাল নতুন বই এসেছে ৯৫টি। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : সেলিম আল দীন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন লুৎফর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন রশীদ হারুন এবং জাহিদ রিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ। সভাপতির বক্তব্যে নাসিরউদ্দিন ইউসুফ বলেন, সেলিম আল দীন রাজনীতি ও মানুষকে একীভূত করে তার নাট্যভূমি নির্মাণ করেছেন। কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতবাদের পক্ষাবলম্ব^ন না করে শিল্পীর নির্মোহ অবস্থান থেকে তিনি নাট্যচর্চা করেছেন।

আজকের কর্মসূচি : বুধবার অমর একুশে বইমেলার ২৮তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ : মুনীর চৌধুরী এবং স্মরণ : হুমায়ুন আজাদ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন যথাক্রমে ফিরোজা ইয়াসমীন এবং হাকিম আরিফ। আলোচনায় অংশগ্রহণ করবেন আবদুস সেলিম, ইউসুফ হাসান অর্ক, ওসমান গনি ও মৌলি আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাট্যজন ফেরদৌসী মজুমদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত