'জীবনের সেরা দিন' লিভারপুলের ড্যানসের

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২২ পিএম

এফএ কাপের শেষ ষোলোতে লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। ম্যাচের ৬৩ মিনিটে বদলি নেমে জোড়া গোল করেন জেডন ড্যানস। অনেকের কাছেই অচেনা মনে হতে পারে ১৮ বছরের ড্যানসকে। মোহামেদ সালাহ, ডারউইন নুনেজ, কার্টিস জন্সদের ইনজুরিতে সুযোগ হয়েছে তার।

ড্যানস মূলত লিভারপুল যুব দলের খেলোয়াড়। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে লুটনের বিপক্ষে ম্যাচে এক মিনিট খেলেছিলেন। লিগ কাপের ফাইনালেও ৮৭ মিনিটের সময় বদলি হিসেবে নেমেছিলেন। তবে এফএ কাপে এই প্রথম ম্যাচ খেলেন তিনি। জোড়া গোলের পর ড্যানস বললেন, তার জীবনের সেরা দিন।

বুধবার রাতে ম্যাচের পর জেডন ড্যানস বলেন, 'আমার কাছে এর চেয়ে বেশি খুশির কিছু হতে পারে না। আজ আমার জীবনের সেরা দিন। আমি লিভারপুলকে দেখেছি ছোট থেকে। শেষ দিকে গোল করাটা স্বপ্নের মতো।'

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত