মন্ত্রিসভার আকার বাড়ছে, নতুন সদস্যদের শপথ শুক্রবার

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৩ পিএম

বর্তমান মন্ত্রিসভায় আরও কয়েকজন নতুন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। আগামীকাল শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বর্ধিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আরও একজন পূর্ণমন্ত্রী, চারজন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী যোগ হতে পারেন মন্ত্রিসভায়। যদিও কারা এই নতুন মুখ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের দায়িত্ব গ্রহণের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রাথমিক প্রস্তুতি নিয়েছে বলেও শোনা যাচ্ছে।

মন্ত্রিসভা আকার বাড়ার বিষয়ে এখনও কিছু জানেন না বলেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, তার কাছে এমন কোনো সংবাদ নেই। তিনি জানার পর বিস্তারিত বলতে পারবেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১১ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই দিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত