ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সরকার দেশে ‘বাকশাল’ কায়েমের চক্রান্ত করছে। এজন্য বায়তুল মোকাররম এলাকায় মিছিল-মিটিং নিষিদ্ধের পাঁয়তারা করছে তারা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চরমোনাইর বার্ষিক মাহফিল মঞ্চে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, ‘বায়তুল মোকাররম মসজিদ গেটে যেসব ইসলামী দল মিছিল-মিটিং করে, তারা মূলত মসজিদের সম্মান রক্ষা করে এবং মুসল্লিদের যেন কোনো সমস্যা না হয় সেদিকে সুদৃষ্টি রেখে থাকে। কাজেই নামাজে আসা মুসল্লিরা আতঙ্কিত হওয়ার অজুহাতে জাতীয় মসজিদ এলাকায় মিছিল-মিটিং নিষিদ্ধের পাঁয়তারা করলে তা সরকারের জন্য সুখকর হবে না।’
তিনি আরও বলেন, ‘প্রহসনের নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর সরকার বিরোধী দলের রাজনীতি নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করছে।
সরকার জনরোষের ভয়ে আতঙ্কিত হয়ে বিরোধী দলসহ ইসলামী দলগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’
