ড. ইউনূসের ঘটনায় নিবিড় নজর রাখছে জাতিসংঘ

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৪:০১ এএম

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘটনার ওপর জাতিসংঘ নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার নিজ কার্যালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে, ওই ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পরিস্থিতি জাতিসংঘ কীভাবে পর্যবেক্ষণ করছে? 

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে আমাদের প্রতিনিধিরা ওই ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। অধ্যাপক ইউনূস তার পুরো কর্মজীবনে জাতিসংঘের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কাজ করছেন। আমি মনে করি, আজ আমরা যে উন্নয়ন কাজ করছি, সেখানে তার কাজ বিশেষ ভূমিকা রাখছে।

একই সাংবাদিক অপর এক প্রশ্নে বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশে বিরোধী দলের ২৫ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা গেছে ১৩ জন। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে অল্প কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে। তাই আপনি কি অন্য বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানাবেন? 

মুখপাত্র ডুজারিক বলেন, আমি মনে করি, এ বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই। শান্তিপূর্ণভাবে মতপ্রকাশ করতে গিয়ে যারা আটক হয়ে থাকতে পারেন, তাদের সবাইকে মুক্তি দেওয়ার আহ্বান আমরা জানিয়ে যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত