চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া কালামিয়া বাজার এলাকায় এস আলম গ্রুপের নির্মাণাধীন হিমাগারে সংঘটিত অগ্নিকাণ্ড চার ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন স্টেশনের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি বলে শুক্রবার বেলা আড়াইটার দিকে জানিয়েছেন বাকলিয়া থানার ডিউটি অফিসার এএসআই মুজিবুর রহমান।
শুক্রবার (১ মার্চ) সকাল বেলা পৌনে ১১টার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোডে কালামিয়া বাজার এলাকায় অবস্থিত ওই হিমাগারে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, এস আলম কোম্পানির নির্মাণাধীন তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড নামের ফল-সবজি, মাছ ও মাংসের হিমাগারে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। তদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।
স্থানীয়রা জানান, ভয়াবহ আগুনে হিমাগারের পাশের ভবনে থাকা ১০-১২ জন বাসিন্দা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।
