ঢাকা বার নির্বাচন: সভাপতি-সম্পাদকসহ ২১ পদে আওয়ামীপন্থীদের জয়

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৩:৩৭ পিএম

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৪-২৫ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের মধ্যে ২১টি পদে জয়লাভ করেছেন এই প্যানেলের আইনজীবীরা। অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা দুটি পদে জয়লাভ করেছেন।

গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনের ভোট গ্রহণ শেষে গতকাল শুক্রবার (১ মার্চ) দিবাগত রাত ৩টায় প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী মোখলেছুর রহমান বাদল নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আনোয়ার সাহাদাত শাওন জয়লাভ করেছেন। ২১ হাজার ২০৮ আইনজীবী ভোটারের মধ্যে ৯ হাজার ৬৯০ জন আইনজীবী ভোট প্রদান করেন।

নির্বাচনে সম্পাদকীয় ১১টি পদের সবকটি পদে সরকারপন্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে, সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে  মাসরাত আলী, সহ-সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম, অফিস সম্পাদক  পদে সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে  সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি জয়লাভ করেছেন। সদস্য পদে সাদা প্যানেল থেকে জয়লাভ করা আইনজীবীরা হলেন হাফিজ আল মামুন, শাহীন আহমেদ রুপম, মো. ইমরান হাসান, কাজী হুমায়ুন কবির, এমদাদুল হক, মাহমুদুল  হাসান, সুমন আহমেদ ও আব্দুর রহমান মিয়া। নীল প্যানেলের জয়ী দুই সদস্য হলেন মো. আনোয়ার হোসেন চাঁদ ও গাজী তানজিল আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত